× Banner

পঞ্চাশ বছরে ৪১ বিয়ের রেকর্ড!

admin
হালনাগাদ: রবিবার, ২৭ নভেম্বর, ২০১৬

এস.এম মফিদুল ইসলাম, পাটকেলঘাটা প্রতিনিধি ॥ তালার উপজেলার পাটকেলঘাটা দাদপুর গ্রামের আব্দুল গফ্ফার খান। সকলে তাকে নানা নামে ডাকে। কেউ বলেন পাকা চোর, কেউ বলেন অজ্ঞান পার্টির লিডার, আবার কেউবা বলেন যাদুকর। স্থানীয় নওয়াবালি শেখের ছেলে আঃ সাত্তার ডাকেন গফফার চিটার বলে।

৫০ ছুই ছুই এ মানুষটি বিয়ে করেছেন ৪১ টি। তবে এখন ঘরে আছেন একজন। অন্যরা হয় ভিন্ন সংসারে চলে গেছেন, না হয় মারা গেেছন। তবে সবার নাম মনে নেই গফফার খানের। বলেন, কখন কোথায়, কিভাবে, কাকে বিয়ে করেছি, সে কী আর মনে রাখা যায়।

বিয়ের কোনো কাবিননামা আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, কাবিননামা দিয়ে কী করব। বিয়ে হয়েছে দু’জনের মতে। দুই একটি কাবিননামা থাকলেও বেশিরভাগ ক্ষেত্রে নেই। ছিপছিপে চেহারারা আবদুল গফফার এখন অসুস্থ হয়ে এখন বাড়িতেই থাকেন। হাতে পায়ে আঘাতের দাগ। অনেক দায়-দেনা। দিতে পারেন না। পাওনাদাররা তার পিছু লেগেই থাকে।

গতকাল সকালে দাদপুর গ্রামে গেলে দেখা মেলে বেশ কয়েকজন পাওনাদারের। চেয়ারে বসে মুখে সিগারেট নিয়ে গফফার খান বলেন, আমার কাছে তারা টাকা পাবে। কিন্তু টাকার দেয়ার সাধ্য নেই। এলাকায় প্রচার রয়েছে গফফার জাদু জানেন। ইচ্ছা করলে হাতের ঘড়ি, আংটি, একমন্ত্রে উড়িয়ে দিতে পারেন। গ্রামের কয়েকজন জানান, গফফার একটি অজ্ঞান পার্টি চালায়। যে কোনো মানুষের সঙ্গে খাতির জমিয়ে তার বাড়িতে পৌছে খাবারের সঙ্গে ঔষুধ মিশিয়ে বাড়ির লোকজনদের অজ্ঞান করে সবকিছু হাতিয়ে নেয়। এ নিয়ে বেশ কয়েকবার গণপিটুনির শিকারও হয়েছেন তিনি। যা নিয়ে স্থানীয় একাধিক পত্র পত্রিকায় জেলা আন্ডার গ্রাউন্ডের লিডার বানিয়ে বারংবার ছাপা হয়। এক বছর আগে তালার ইসলামকাটিতে একই ঘটনা ঘটাতে গিয়ে গণপিটুনি খেয়ে আহত হয়ে প্রায় পঙ্গুত্ব বরণ করেন গফফার। তবে এ বিষয়ে গফফারের বক্তব্য হল ষড়যন্ত্রমুলকভাবে আমার ভাগ্নে আবু সাইদ আমাকে মারধর করেছে। মাস কয়েক আগে কুমিরা বাদামতলায় নওয়াবালি শেখের বাড়িতে পরিবারের সকলকে ভাতে চেতনানাশক ঔষধ দিয়ে অজ্ঞান করে ফেলে। প্রতিবেশীরা টের পেলে কিছুই না নিতে পারলে পরে তাকে বাড়ি হতে ধরে এনে স্থানীয় জনগণ গণপিটুনি দেয়।

কয়টি বিয়ে করেছেন জানতে চাইলে গফফার খান জানান, তিন-চারটি করেছি আর কি। কিছুক্ষণ পর বলেন ৮ টি বিয়ে করেছি। আপনি অনেক বিয়ে করেছেন এমন প্রচার কেন জানতে চাইলে বলেন, আমি ৪১ টি বিয়ে করেছি, কিন্তু এসব জেনে আপনি কি করবেন? ৩০ বছর আগে তালার ইসলামকাটি নওশের আলীর মেয়ে মঞ্জুয়ারাকে বিয়ে করেন এই গফফার। সেই স্ত্রী এখন আর বেচে নেই। শেষদিকে যশোরের মনিরামপুরে হাসাডাঙা গ্রামের কোরবান আলীর মেয়ে রওশন আরাকে বিয়ে করেন। পরে কেশবপুর উপজেলার মধ্যকুল গ্রামের জয়নাল হোসেনের মেয়ে আছিয়াকে বিয়ে করেন। আছিয়ার ঘরে এক প্রতিবন্ধী ছেলে আছে। নাম জাহাঙ্গীর (৩২)। এর আগে নিজ গ্রামের শমসের খার মেয়ে খুকি বিবিকে বিয়ে করেন গফফার খান। খুকির ছেলে আব্দুস সেলিম এখন বরিশালে দিনমজুরের কাজ করেন। ঘরে এখন যে স্ত্রী আছেন তার নাম আছিয়া। এ ঘরে একটি মেয়ে আছে।

গ্রামের লোকজন জানান, গফফার খান ১/২ মাস অন্তর একটি বিয়ে করে বাড়িতে বউ নিয়ে আসেন। কিছুদিন থেকে আবার দুজন উধাও হয়ে যান। এরপর দেখা যায়, আবারও কোনো মহিলাকে বিয়ে করে এনেছেন। কিছুদিনের মধ্যে সেও উধাও। তাদের দাবি গফফার খান জাদুকরী বিদ্যা জানে। সে ইচ্ছা করলে বাড়ির সম্পদ তো দুরের কথা একজন ব্যক্তিকেও নিখোজ করে দিতে পারে। আর এ ভয়ে গফফার খানের বিরুদ্ধে কেউ কোনো কথা বলতে চাই না। গ্রামের বৃদ্ধা রিজিয়া খাতুন ও সেলিনা বেগম জানান, গফফার খানের অগণিত বিয়ে। এটা জেনেও তাকে কেউ কিছু বলে না। এর কারণ সে একটি অজ্ঞান পার্টির পরিচালক এবং জাদুকর। তার ক্ষতি করলে সেও ক্ষতি করে দেবে।

কুমিরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান দাদপুর গ্রামের আব্দুর রশিদ সানা বলেন, তিন বছর আগে গফফার খান আমার বাড়িতে ঢুকে খাবারের সঙ্গে ঔষুধ মিশিয়ে আমাকে ও আমার স্ত্রীকে অজ্ঞান করে ঘরের সবকিছু নিয়ে যায়। ইসলামকাটি হাইস্কুলের সাবেক প্রধান শিক্ষক শামসুর রহমান জানান, গফফার খান তার বাড়িতে এক বছর আগে এসে পরিচয় পর্ব সেরে কৌশলে রান্নাঘরে ঢুকে রান্না করা মাংসে ঔষধ মিশিয়ে দেয়। এ মাংস খেয়ে তার স্ত্রী তহমিনা খাতুন ও প্রতিবেশী বেল্লাল ও ইসমাইল জ্ঞান হারিয়ে ফেলে। এ সুযোগে গফফার ঘরে ঢুকে টাকা পয়সা সোনা গহনা নিতে যাওয়ার সময় ধরা পড়ে। মারধর করে তাকে আটকে রাখা হয়। খবর পেয়ে পুলিশ এসে তাকে নিয়ে যায়।

এ পর্যন্ত ১৭ বার জেলে গেছেন গফফার খান। অথচ একবার মাত্র ৯১ দিন ছিলেন। আর বাকি সময় মাত্র কয়েকদিনের মধ্যে বেরিয়ে আসেন। এ প্রসঙ্গে গ্রামের লোকজন বলেন, জেলখানার মধ্যেও তিনি যাদুকরী বিদ্যা ফলিয়ে সবার সঙ্গে প্রতারণা  করে থাকেন। কীভাবে এতো দ্রুত জামিন পানি তা নিয়েও তারা বিস্মিত। গ্রামে অনেকবার সালিশ হয়েছে গফফার খানকে নিয়ে। কিন্তু কোনো সালিশ কার্যকর হয়নি।

কুমিরা ইউপি নব নির্বাচিত চেয়ারম্যান আজিজুল ইসলাম বলেন, গফফার খান একজন পাকা চোর ও প্রতারক। মানুষকে অজ্ঞান করে চুরি ডাকাতি করে সম্পদ লুটপাট করে সে। এছাড়া জাল টাকার ব্যবসাও করে। তিনি বলেন, সে বারবার জেলে যায় বারবার ফিরে আসে। এলাকার ইউপি সদস্য দাদপুর গ্রামের লালু চৌধুরী জানান, গফফার খান অনেক নারীর সর্বনাশ করেছে। এখন সে অসুস্থ। তাকে ভালো পথে ফিরিয়ে আনার চেষ্টা করছি আমরা। প্রতারণা করে অনেক টাকা কামাই করলেও গফফার খান তা রাখতে পারেনি।

গফফার খানের স্ত্রী আছিয়া খাতুন ও প্রতিবন্ধী ছেলে জাহাঙ্গীর জানান, তারা তাকে (গফফার) অসৎ পথ থেকে ফিরিয়ে আনার চেষ্টা করছেন। কিন্তু তিনি কোনো কথা শোনেন না।

এসব অভিযোগের বিষয়ে জানতে চাইলে গফফার খান বলেন, বহু বিয়ে করলেও কাউকে নিজে বঞ্চিত করিনি। আগে যাই করি না কেন, এখন ভালো হয়ে গেছি। এখন শুধু দেনার টাকা নিয়ে দুঃশ্চিন্তায় আছি।


এ ক্যটাগরির আরো খবর..