এন,এ,রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধি: আসন্ন পৌরসভা নির্বাচনে নারী প্রার্থীদের মাঝে বৈষম্যমূলক প্রতীক বরাদ্দের প্রতিবাদে মানববন্ধন করেছে পঞ্চগড়ের নারী সমাজ। গত ৮ডাসেম্বর সকালে পঞ্চগড়-বাংলাবান্ধা মহাসড়কের শেরেবাংলা পার্কের সামনে ঘন্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালন করে তারা। এসময় বক্তব্য দেন পরস্পরের নির্বাহী পরিচালক আক্তারুন্নাহার সাকি, নারী উন্নয়নকর্মী আমিনুন নাহার টিয়া, শিক্ষক ইলুফার বেগম, জোসনা আক্তার প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, নারীরা আজ সকল ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। কিন্তু নির্বাচন কমিশন আসন্ন পৌরসভা নির্বাচনে নারীপ্রার্থীদের জন্য যেসব প্রতীক বরাদ্দ দিয়েছে তা নারীদের জন্য সম্মানহানিকর। নারীদের জন্য বরাদ্দকৃত প্রতীক গ্যাসের চুলা, চকলেট, চুড়ি, পুতুল, ভ্যানিটি ব্যাগ, ফ্রক, আঙ্গুর, কাঁচি, মৌমাছি ও হারমোনিয়াম ইত্যাদি প্রতীকগুলো নারীদেরকে নির্দিষ্ট গন্ডির মধ্যে সীমাবদ্ধ করে রাখা হয়েছে। যা দেশের নারী সমাজ কোনভাবে মেনে নিতে পারে না।
বক্তারা অবিলম্বে এসব প্রতীক প্রত্যাহারের দাবী জানান। বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা পরস্পরের উদ্যোগে মানববন্ধনে পঞ্চগড়ের বিভিন্ন স্তরের নারী-পুরুষ এবং সংস্কৃতি কর্মীরা উপস্থিত ছিলেন।





