আজ ১৪ মে রবিবার শুরু হচ্ছে নৌ নিরাপত্তা সপ্তাহ

আজ ১৪ মে রবিবার শুরু হচ্ছে নৌ নিরাপত্তা সপ্তাহ
নৌ নিরাপত্তা সপ্তাহ

আজ ১৪ মে রবিবার শুরু হচ্ছে নৌ নিরাপত্তা সপ্তাহ চলবে ২০ মে পর্যন্ত। এ বছরের নৌ নিরাপত্তা সপ্তাহের প্রতিপাদ্য ‘প্রশিক্ষিত জনবল, পরিবেশবান্ধব ও নিরাপদ জলযান, নৌ নিরাপত্তায় রাখবে অবদান’।

আজ রোববার নৌপরিবহন মন্ত্রণালয়ের উদ্যোগে নৌ নিরাপত্তা সপ্তাহের উদ্বোধনী ও নৌ র‍্যালি অনুষ্ঠানের কথা থাকলেও ঘূর্ণিঝড় মোকার উদ্ভূত পরিস্থিতিতে তা স্থগিত করা হয়েছে।

নৌ নিরাপত্তা সপ্তাহ শুরু উপলক্ষে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। এ উপলক্ষে নৌপরিবহন অধিদপ্তর একটি ক্রোড়পত্র প্রকাশ করবে।

রাষ্ট্রপতি তাঁর বাণীতে বলেন, বাংলাদেশে নৌপরিবহণ ব্যবস্থা ও নৌযানসমূহের নিরাপত্তা নিশ্চিত করা অতীব জরুরি। প্রেক্ষিতে ‘নৌ নিরাপত্তা সপ্তাহ-২০২৩’ পালন একটি যথাযথ উদ্যোগ। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘প্রশিক্ষিত জনবল, পরিবেশবান্ধব ও নিরাপদ জলযান, নৌ নিরাপত্তায় রাখবে অবদান’ প্রাসঙ্গিক ও যথোপযুক্ত হয়েছে বলে আমি মনে করি। নৌ নিরাপত্তা নিশ্চিত করতে নৌযান মালিক, শ্রমিক ও যাত্রীসাধারণের ভূমিকা ও দায়িত্ব অপরিসীম। সকলের ঐকান্তিক প্রচেষ্টা ও পারস্পরিক সহযোগিতার মধ্য দিয়েই সার্বিকভাবে দেশে একটি নিরাপদ নৌপরিবহণ ব্যবস্থা গড়ে তোলা সম্ভব। নৌ নিরাপত্তা নিশ্চিতকরণে সরকারি সংস্থার পাশাপাশি বেসরকারি সংস্থা, মালিক ও শ্রমিক সংগঠনকে এগিয়ে আসতে হবে। এছাড়া যাত্রীসাধারণকে সচেতন ও সতর্ক থেকে নৌপথে চলাচল করতে হবে। কালবৈশাখী ও বর্ষা মৌসুমসহ বছরব্যাপী চলাচলরত নৌযানসমূহের সার্বিক নিরাপত্তা বিধানে নৌ নিরাপত্তা সপ্তাহ পালন ইতিবাচক ভূমিকা রাখবে বলে আমার বিশ্বাস।

প্রধানমন্ত্রী তাঁর বাণীতে বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নৌ সেক্টরের গুরুত্ব অনুধাবন করে উন্নয়নের যে ধারা সূচনা করেছিলেন, তা অনুসরণ করে বর্তমান সরকার নৌপরিবহণের অগ্রযাত্রাকে অব্যাহত রেখেছে। যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আমরা নৌপথের উন্নয়নে পর্যাপ্ত অর্থ বরাদ্দ করেছি। আমাদের সরকার বিশ্বে প্রথম শত বছরের ‘বাংলাদেশ ব-দ্বীপ পরিকল্পনা- ২১০০’ গ্রহণ করেছে। দেশের স্থিতিশীল আর্থসামাজিক উন্নয়নে ‘বাংলাদেশ ব-দ্বীপ পরিকল্পনা-২১০০’ হবে ভবিষ্যতের কার্যকর দীর্ঘমেয়াদি নির্দেশিকা। জাতিসংঘ কর্তৃক প্রণীত টেকসই উন্নয়নের সতেরোটি লক্ষ্যমাত্রা অর্জনের উদ্দেশ্যে সরকারের গৃহীত পরিকল্পনা এবং ব-দ্বীপ পরিকল্পনার উদ্যোগকে সমন্বিত করা হয়েছে।

প্রধানমন্ত্রী আরও বলেন, বাংলাদেশকে একটি জ্ঞানভিত্তিক অর্থনীতি এবং উদ্ভাবনী জাতি হিসেবে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে বর্তমান সরকার ২০৪১ সালের মধ্যে দেশকে ডিজিটাল থেকে ‘স্মার্ট বাংলাদেশে’ রূপান্তরের জন্য কাজ করে যাচ্ছে। স্মার্ট নাগরিক, স্মার্ট অর্থনীতি, স্মার্ট সরকার এবং স্মার্ট সমাজের জন্য ডিজিটাল সংযোগ মূল ভিত্তি হিসেবে কাজ করবে। স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠার অংশ হিসেবে নৌখাতে দক্ষ জনশক্তি গড়ে তোলা হচ্ছে। নৌপরিবহণ খাতে প্রশিক্ষণের পর্যাপ্ত সুযোগ সৃষ্টির পাশাপাশি নৌ সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে উচ্চ শিক্ষা ও গবেষণা বৃদ্ধির লক্ষ্যে আমরা পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন কাজ করে যাচ্ছি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
সংবাদ প্রতিনিধি

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।