নোয়াখালী খাল সংস্কার ও পুনঃখনন প্রকল্প উদ্বোধন

বিশেষ প্রতিবেদক :  নোয়াখালী খাল সংস্কার ও পুনঃখনন  প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার সকালে ঢাকায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি।

 

শেখ হাসিনা বলেন, আমি চাই নোয়াখালী খালও আর নোয়াখালীর দুঃখ হয়ে থাকবে না। নোয়াখালী অনেক পুরনো জেলা হলেও সব সময় ‘একটু অবহেলিত’ থেকে গেছে। উপকূলের কাছাকাছি বলে প্রকৃতির সঙ্গে যুদ্ধ করে এ জেলার মানুষকে বাঁচতে হয়।

তিনি আরো বলেন, যখনই আমি নোয়াখালী গিয়েছি, তখনই আমি শুনেছি নোয়াখালী খালের কথা। এই খালটা কেটে দিলে জলাবদ্ধতা দূর হবে। এটা আমাদের নির্বাচনী প্রতিশ্রুতি ছিল।

৩২৪ কোটি ৯৮ লাখ টাকা ব্যয়ে এ প্রকল্পের আওতায় জলাবদ্ধতা নিরসন, বন্যা নিয়ন্ত্রণ ও নিষ্কাশন ব্যবস্থা উন্নয়নে নোয়াখালী খাল এবং জেলার ২৩টি খালের পুনঃখনন করা হবে। সেই সঙ্গে ১৬০ বর্গ কিলোমিটার এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন করা হবে।

এ প্রকল্পের আওতায় ১৮২ কিলোমিটার খাল পুনঃখনন, বামনি নদীতে ড্রেজিং, স্লুইস গেইট, ক্লোজার ও রেগুলেটর নির্মাণ এবং ১০ কিলোমিটার নদী তীর সংরক্ষণ করা হবে।

২০১৬ সালের নভেম্বরে একনেকের অনুমোদন পাওয়া এ প্রকল্পের বাস্তবায়ন হবে পানিসম্পদ মন্ত্রণালয়ের অর্থায়নে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ও সেনাবাহিনী যৌথভাবে প্রকল্পের বাস্তবায়ন করবে।

এদিকে প্রধানমন্ত্রীর উদ্বোধনের পরপরই কবিরহাট উপজেলার ধান শালিক এলাকায় খাল পুনঃখনন কাজ শুরু করা হয়। ২০২১ সালের জুনের মধ্যে প্রকল্পের কাজ শেষ করার কথা থাকলেও তার আগেই তা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন শেখ হাসিনা।

ভিডিও কনফারেন্সের ঢাকা প্রান্তে প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন নোয়াখালীর এমপি সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, পানিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়া নতুন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু ও সেনাপ্রধান জেনারেল আবু বেলালমোহাম্মদ শফিউল হক।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।