নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলায় একটি বাচ্চা ছেলে বিকেলে উব্দাখালি নদীতে মাছ ধরতে যায়। কাঁদা মাটিতে হাড় দেখতে পেয়ে একটি লাঠি দিয়ে খোঁচা দিলে আরও হাড় বেরিয়ে আসে। পুলিশ বস্তাবন্দি অবস্থায় এক নারীর কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ।
স্থানীয় ইউপি সদস্য শাহাদত আলী হিরণ বলেন, তৃতীয় শ্রেণির শিক্ষার্থী আলেক মাছ ধরতে গিয়ে যখন ওর লাঠির খোঁচায় হাড়গোড় বেরিয়ে আসে তখন ওর চিৎকারে এলাকাবাসী ওখানে ছুটে যায়। তারপর কলমাকান্দা থানা পুলিশকে বিষয়টি জানানো হয়।
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল করিম বিষয়টি নিশ্চিত করে বলেন, স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে মরদেহের কঙ্কালসহ হাতের দুটি সিটি গোল্ড চুড়ি ও মাথার প্রায় নয় ইঞ্চি বেনি পাকানো চুল উদ্ধার করা হয়।
কঙ্কালটি বিচ্ছিন্ন অবস্থায় ছিল। তিনি আরও বলেন, অনেক দিন আগে কোনও নারীকে হত্যার পর বস্তাবন্দি করে লাশটি উব্ধাখালি নদীতে ফেলে দেওয়া হয়েছিল। প্রাথমিকভাবে কঙ্কালটির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। আমরা তদন্ত করে এ বিষয়ে বিস্তারিত জানাব।
উদ্ধারের পর পরিচয় শনাক্তের জন্য ডিএনএ টেস্ট ও ময়নাতদন্তের জন্য কঙ্কালটি বৃহস্পতিবার সকালে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। কতদিন আগে এ কাজ করা হয়েছে তা এখনো নিশ্চিত নয়। এ কাজে দোষীকে সনাক্ত করে উপযুক্ত শাস্তির দাবী করেন এলাকাবাসী।


