যৌন নির্যাতন ঠেকাতে স্পেনে আক্রমণকারীর পুরুষাঙ্গ কেটে দিয়েছেন এক প্রবাসী বাংলাদেশি নারী।
মঙ্গলবার(১ জুন) যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম নিউইয়র্ক পোস্ট এবং ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইল জানায়, সোমবার(৩১ মে) বার্সেলোনার কাছাকাছি সন্ত আন্দ্রু দ্য লে বার্সা এলাকার একটি বারে ‘বস’ ধর্ষণের চেষ্টা করলে ছুরি দিয়ে তার বিশেষ অঙ্গ কেটে দেন ৩০ বছর বয়স্ক ওই নারী। এরপর তিনি নিজেই পুলিশে খবর দেন এবং ঘটনার বর্ণনা করেন।
জানা গিয়েছে, মঙ্গলবার ভোর রাতে পানশালার মধ্যেই তরুণীর উপর চড়াও হয় ওই ব্যক্তি। আত্মরক্ষায় একটি ছুরি দিয়ে তার পুরুষাঙ্গ কেটে ফেলেন তিনি। আশঙ্কাজনক অবস্থায় ওই ব্যক্তিকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তি বাংলাদেশি বা পাকিস্তানি বলে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এদিকে এমন ঘটনায় ওই নারীকে গ্রেপ্তার করেছে স্প্যানিশ পুলিশ। তার অভিযোগ সত্য কি না তা তদন্ত করছেন গোয়েন্দারা।
নিউইয়র্ক পোস্ট জানায়, ধর্ষণচেষ্টার অভিযোগ ওঠা ব্যক্তি কোন দেশের নাগরিক তা এখনো নিশ্চিত নয়। তবে ধারণা করা হচ্ছে, তিনি বাংলাদেশি অথবা পাকিস্তানি। সুস্থ হলে ওই ব্যক্তিকেও আটক করা হবে বলে জানিয়েছে স্পেনের পুলিশ।