নির্বাচন সুষ্ঠু করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। সরকার শেষদিন পর্যন্ত চেষ্টা করবে নির্বাচনে সব দলের অংশগ্রহণ নিশ্চিত করার জন্য। তিনি বলেন, দেশে আর কোনো তত্ত্বাবধায়ক সরকার হবে না। সংবিধানে স্পষ্টভাবে লেখা রয়েছে নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করবে। সরকার নির্বাচন কমিশনকে সর্বাত্মক সহযোগিতা করবে। বলেছেন কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মোঃ আব্দুর রাজ্জাক।
আজ ২৯ সেপ্টেম্বর টাঙ্গাইলের প্রেস ক্লাব মিলনায়তনে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে কৃষিমন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, আওয়ামী লীগ একটি রাজনৈতিক দল। সে হিসেবে আমরাও চাই বিএনপিসহ সব ছোট-বড় রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করবে। আমরা শেষদিন পর্যন্ত চেষ্টা করব নির্বাচনে সব দলের অংশগ্রহণ নিশ্চিত করার জন্য।
সভায় টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক, সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম এমপি এবং জেলা ও উপজেলার নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
একটা ডিমের দাম কোনোক্রমেই ১২-১৩ টাকা হতে পারে না
অপর এক কর্মসূচিতে আজ গাজীপুরে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের অডিটোরিয়ামে সংস্থাটির বার্ষিক কেন্দ্রীয় গবেষণা পর্যালোচনা কর্মশালার উদ্বোধন ও প্রধান অতিথি হিসাবে বক্তৃতা করেন কৃষিমন্ত্রী।
এ সময় মন্ত্রী বলেন, একটা ডিমের দাম কোনোক্রমেই ১২-১৩ টাকা হতে পারে না। একটা ডিমের উৎপাদন খরচ ৫-৬ টাকা হলে, উৎপাদনকারীরা সর্বোচ্চ ৮ টাকায় বিক্রি করতে পারে। কখনো সরবরাহ একটু কমে গেলেই কিছু অসাধু ব্যবসায়ী, ফার্মের মালিক, হ্যাচারি মালিক নানা ষড়যন্ত্র করে ডিমের দাম বাড়িয়ে দেয়। আমাদের উচিত হবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা। বাণিজ্য মন্ত্রণালয়, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, কৃষি বিপণন অধিদপ্তর, ভোক্তা অধিদপ্তরসহ সবাই মিলে কঠোরভাবে বাজার মনিটর করতে হবে।
কর্মশালায় সভাপতিত্ব করেন কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. দেবাশীষ সরকার। কৃষিসচিব (রুটিন দায়িত্ব) মোঃ রুহুল আমিন তালুকদার, কৃষি উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান এ এফ এম হায়াতুল্লাহ, কৃষি বিপণন অধিদপ্তরের মহাপরিচালক আব্দুল গাফফার খান, কৃষি সম্প্রসারণ অধিদফতরের মহাপরিচালক বেনজির আলম প্রমুখ কর্মশালায় বক্তব্য রাখেন।





