আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেই বাংলাদেশে বড় পদক্ষেপ ভারতের! ঢাকায় হয়ে গেল গুরুত্বপূর্ণ বৈঠক। আগামী মাসেই বাংলাদেশে সাধারণ নির্বাচন হবে। তার আগে ঢাকায় বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় বর্মা।
শনিবার সন্ধ্যায় বাংলাদেশের রাজধানী ঢাকার গুলশানে বিএনপির দলীয় দফতরে গিয়ে তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন প্রণয় বর্মা।
ওই বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, যিনি বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পুত্র। তবে এই সাক্ষাতে ঠিক কোন কোন বিষয় নিয়ে আলোচনা হয়েছে, সে বিষয়ে এখনও পর্যন্ত প্রকাশ্যে কিছু জানানো হয়নি।
বৈঠকের পর ভারতীয় বিদেশ মন্ত্রক, বাংলাদেশে ভারতীয় হাইকমিশন কিংবা বিএনপির তরফে কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।
বিএনপির পক্ষ থেকে শুধু জানানো হয়েছে, এটি একটি ‘সৌজন্য সাক্ষাৎ’। ফলে আলোচনার বিষয়বস্তু নিয়ে জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। বিশেষ করে বাংলাদেশের আসন্ন সাধারণ নির্বাচনের আগে এই বৈঠককে ঘিরে একটি অংশের মধ্যে কৌতূহল ও হইচই তৈরি হয়েছে।
তবে রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ এই বৈঠকের মধ্যে কোনও বিশেষ রাজনৈতিক তাৎপর্য খুঁজতে নারাজ। তাঁদের যুক্তি, এর আগের দিনই বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দারের সঙ্গেও সাক্ষাৎ করেছিলেন তারেক রহমান। সেই সাক্ষাৎকেও সৌজন্য সাক্ষাৎ বলেই ব্যাখ্যা করা হয়েছিল। ফলে বিভিন্ন দেশের কূটনৈতিক প্রতিনিধিরা সম্ভাব্য ক্ষমতাসীন রাজনৈতিক শক্তির সঙ্গে যোগাযোগ রাখছেন, এটিই স্বাভাবিক বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।
বিশেষজ্ঞদের মতে, সাম্প্রতিক বিভিন্ন সমীক্ষায় বাংলাদেশের ভোটের রাজনীতিতে বিএনপিকে এগিয়ে থাকতে দেখা যাচ্ছে। সেই পরিস্থিতিতে ভোটের আগেই বিএনপি নেতৃত্বের সঙ্গে কূটনৈতিক যোগাযোগের ‘চ্যানেল’ খোলা রাখার চেষ্টা আন্তর্জাতিক মহলে দেখা যাচ্ছে। ভবিষ্যতের রাজনৈতিক বাস্তবতা মাথায় রেখেই বিভিন্ন দেশ আগাম যোগাযোগ বাড়াচ্ছে বলে মনে করছেন তাঁরা।
উল্লেখযোগ্য বিষয় হল, এর আগেও ভারতের তরফে বিএনপি নেতৃত্বের সঙ্গে যোগাযোগের নজির রয়েছে। খালেদা জিয়ার প্রয়াণের পরে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর বাংলাদেশে এসে তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। সেই সময় তাঁর হাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি বিশেষ বার্তাও তুলে দেওয়া হয়। ওই বার্তায় মোদী খালেদা জিয়ার অবদান স্মরণ করে বলেন, বাংলাদেশের উন্নয়ন এবং ভারত-বাংলাদেশ সম্পর্ক মজবুত করার ক্ষেত্রে তাঁর ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি তিনি আশাবাদ ব্যক্ত করেন যে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি তাঁর আদর্শ অনুসরণ করে এগিয়ে যাবে এবং দুই দেশের ঐতিহাসিক সম্পর্ক আরও গভীর ও সমৃদ্ধ হবে।
শনিবারের বৈঠককে সেই ধারাবাহিকতার মধ্যেই দেখছেন রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ।
এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।
এরপর বিএনপির চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাতে আসেন বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মুস্তাফা ওসমান। শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি তারেক রহমানের সঙ্গে সংক্ষিপ্ত বৈঠক করেন তিনি।
এদিকে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ও ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান পর্যবেক্ষক ড. ইভারস আইজাবস সৌজন্য সাক্ষাৎ করেছেন।
প্রায় ঘণ্টা ধরে চলা বৈঠক শেষে বিকাল ৪টার একটু আগে কার্যালয় থেকে বের হয় ইউরোপীয় ইউনিয়নের নির্বাচনি পর্যবেক্ষক দল।