প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ জনগণকে দেয়া প্রতিশ্রুতি সর্বদা রক্ষা করে। ‘আমরা আমাদের ২০০৮, ২০১৪ এবং ২০১৮ নির্বাচনের নির্বাচনী ইশতেহারে উল্লেখ করা প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছি।’ বলেছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা। অথচ ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে নির্বাচনী ইশতেহারে সংখ্যালঘুদের দাবিগুলো পূরণের প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করেনি আওয়ামী লীগ।
১০ জানুয়ারি(মঙ্গলবার) রাতে জাতীয় সংসদে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে কার্যপ্রণালী বিধির ১৪৭ বিধির আওতায় আনীত প্রস্তাব (সাধারণ) এর ওপর আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন।
২০১৮ সালে নির্বাচনী ইশতেহারে সরকারি দলের প্রতিশ্রুতিগুলোর মধ্যে রয়েছে সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন, বৈষম্য বিলোপ আইন প্রণয়ন, দেবোত্তর সম্পত্তি সংরক্ষণ আইন প্রণয়ন, জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন, অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন যথাযথ বাস্তবায়ন, পার্বত্য শান্তি চুক্তি ও পার্বত্য ভূমি কমিশন আইনের যথাযথ বাস্তবায়ন এবং সমতলের আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন গঠন করা। কিন্তু বর্তমান সরকার এসব প্রতিশ্রুতি বাস্তবায়ন করেনি বলে জানাচ্ছেন ঐক্য পরিষদের নেতারা।
প্রতিটি সরকার ক্ষমতায় যাওয়ার পর নির্বাচনী ইশতেহার ভুলে যায় মন্তব্য করে অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম ইন বাংলাদেশের (এএলআরডি) নির্বাহী পরিচালক শামসুল হুদা বলেন, স্বাধীনতার ৫২ বছর পরে এমন সব দাবিতে গণঅনশন হচ্ছে, যেসব দাবি অনেক প্রতিষ্ঠিত হয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু তা পূরণ হয়নি।
নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ গতবছর২০২২ সালের ২৪ মার্চ প্রায় আড়াই লাখ মানুষের গণস্বাক্ষর করা একটি স্মারকলিপি প্রধানমন্ত্রীর কার্যালয়ে জমা দেয়। তারপর ৯০ দিন পার হয়ে গেলেও সেসব বাস্তবায়নের উদ্যোগ না দেখা যাওয়ায় ১৬ জুলাই সারা দেশে তারা বিক্ষোভ ও সমাবেশ করে। এসব দাবি বাস্তবায়িত না হওয়ায় ২২ অক্টোবর দেশব্যাপী গণ–অনশন কর্মসূচি পালন করছে। কেন্দ্রীয় কর্মসূচি ঢাকার শাহবাগে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(৭ জানুয়ারি) রমনা কালী মন্দির সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে সংখ্যালঘু সম্প্রদায়কে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবিতে সমাবেশ করছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। সমাবেশ শেষে পরিষদের নেতৃত্বাধীন ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু জনগোষ্ঠীর ঐক্য মোর্চার ৯ সদস্যদের একটি প্রতিনিধিদল স্মারকলিপি নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়মুখী যে রোডমার্চ ডেকেছিল, তাতে বাধা দিয়েছে পুলিশ। পরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপিটি গ্রহণ করা হয়েছে।
সমাবেশে জাতীয় সংখ্যালঘু কমিশন গঠনসহ সাত দফা দাবি জানানো হয়েছে। দাবিগুলো হলো– জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন, সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন, দেবোত্তর সম্পত্তি সংরক্ষণ আইন প্রণয়ন, সমতলের অধিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন গঠন, অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন যথাযথ বাস্তবায়ন, পার্বত্য শান্তি চুক্তি ও পার্বত্য ভূমি কমিশনের যথাযথ কার্যকরীকরণ, বৈষম্য বিলোপ আইন প্রণয়ন।
সমাবেশে মহিলা ঐক্য পরিষদের সভাপতি সুপ্রিয়া ভট্টাচার্য বলেন, আমরা দীর্ঘদিন ধরে সাত দফা দাবি পেশ করে আসছি। ২০১৮ সালে সরকার নির্বাচনী ইশতেহারে আমাদের আশ্বাস দিলেও তার কোনও বাস্তবায়ন হয়নি। আমরা অবিলম্বে আমাদের দাবির বাস্তবায়ন চাই। আমরা আর অবহেলিত হতে চাই, নির্যাতিত হতে চাই না। আমরা সাম্প্রদায়িক রাষ্ট্র চাই না, ধর্মনিরপেক্ষ রাষ্ট্র চাই!
সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত রাজনৈতিক দলের উদ্দেশে বলেন, ‘আপনারা আমাদের গিনিপিগ হিসেবে ব্যবহার করবেন, এই ব্যবহার আমরা আর আপনাদের করতে দেব না। আমরা বলতে চাই, আপনারা আমাদের কী দেবেন, আমাদের থেকে কী নেবেন, এই সমঝোতা আজকে প্রয়োজন গণতন্ত্রের স্বার্থে।’ দ্বাদশ সংসদ নির্বাচনের আর মাত্র এক বছর বাকি। অথচ সরকারি দলের নির্বাচনী ইশতেহারের সংখ্যালঘু ও ক্ষুদ্র জাতিগোষ্ঠীর স্বার্থবান্ধব প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে আজও কোনো উদ্যোগ পরিলক্ষিত হয়নি, যা খুবই হতাশাব্যঞ্জক।
দেশের বিদ্যমান রাজনীতির ওপর আস্থা রাখতে না পারার কথা জানিয়ে প্রধানমন্ত্রীর উদ্দেশে রানা দাশগুপ্ত বলেন, ‘আপনিই আমাদের শেষ ভরসাস্থল। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, আপনারা যদি আমাদের দিকে ফিরে তাকাতে কুণ্ঠা বোধ করেন, আমরা আপনাদের দিকে কতটুকু ফিরে তাকাব, সে ব্যাপারেও চিন্তাভাবনা করতে হবে।’
মোর্চার পক্ষ থেকে বলা হয়, ২০১৫ সালে সোহরাওয়ার্দী উদ্যানে জনসমাবেশ থেকে এই দাবিগুলো তোলা হয়েছিল। পরে ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে আওয়ামী লীগ তাদের নির্বাচনী ইশতেহারে দাবিগুলো পূরণের প্রতিশ্রুতি দেয়।
হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি ঊষাতন তালুকদার বলেন, সারা দেশ থেকে এই কনকনে শীতে আনন্দ করতে হাজারো মানুষ ঢাকায় উপস্থিত হননি। তাঁরা তাঁদের যন্ত্রণার কথা বলার জন্য এসেছেন। আওয়ামী লীগ নির্বাচনী ইশতেহারে যে প্রতিশ্রুতি দিয়েছিল, তা বাস্তবায়িত হয়নি।