নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে মহান বিজয় দিবস উদ্‌যাপিত

নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে মহান বিজয় দিবস উদ্‌যাপিত

জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশন ও নিউইয়র্কে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের যৌথ উদ্যোগে গত ১৬ ডিসেম্বর তারিখে যথাযথ মর্যাদা ও বিপুল উৎসাহ উদ্দীপনায় মহান বিজয় দিবস উদ্‌যাপিত হয়েছে। 

অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, বিশিষ্ট ব্যক্তিবর্গ, রাজনৈতিক, সামাজিক, ব্যবসায়িক, সাংস্কৃতিক ও মিডিয়া ব্যক্তিত্ব, বাংলাদেশি শিক্ষার্থী ও কমিউনিটি সদস্যসহ বিপুল সংখ্যক অতিথি উপস্থিত ছিলেন। জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পরে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও গীতা পাঠ করা হয়।

জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী তাঁর বক্তব্যের শুরুতে ১৯৭১ সালে স্বাধীনতা যু্দ্ধে মুক্তিযোদ্ধাদের অবিস্মরণীয় অবদান গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং সকলকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানান। তিনি তাঁর বক্তব্যে মুক্তিযুদ্ধে প্রবাসী বাংলাদেশিদের জনমত গঠনে অবদানের পাশাপাশি বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে যুক্তরাষ্ট্রে বসবাসরতদের অবদানের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।

অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানিয়ে কনসাল জেনারেল মোহাম্মদ মোজাম্মেল হক মুক্তিযুদ্ধের সকল শহিদের আত্মার মাগফেরাত কামনা করেন এবং বীর মুক্তিযোদ্ধা ও সকল বীরাঙ্গনার প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। তিনি বলেন রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ ও আন্তরিকভাবে সচেষ্ট থাকতে হবে। প্রধান উপদেষ্টার নেতৃত্বে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার যে সংস্কার কর্মসূচি হাতে নিয়েছে, তা বাস্তবায়নের জন্য তিনি সকলের ঐকান্তিক সহযোগিতা কামনা করেন। বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রবাসী ভাই-বোনদের অধিকতর অবদান রাখার জন্য তিনি আহ্বান জানান। এছাড়া, তিনি প্রবাসীদের অনলাইন রেজিস্ট্রেশনের মাধ্যমে আগামী জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটে ভোট প্রদানে সকলকে উদ্বুদ্ধ করেন।

অনুষ্ঠানে ৭১-এর সকল শহিদ, শহিদ বুদ্ধিজীবী, শহিদ বীর মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফেরাত কামনা করে দেশের অব্যাহত শান্তি ও সমৃদ্ধির জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে কমিউনিটির শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক পরিবেশনা ও সভায় আগত অতিথিদের ঐতিহ্যবাহী দেশীয় খাবার আপ্যায়নের মধ্য দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।