বেকার নার্সদের অবস্থান কর্মসূচি আগামী সাতদিনের জন্য স্থগিত করা হয়েছে। বাংলাদেশ নার্সেস ঐক্য পরিষদের যুগ্ম সম্পাদক তমাল মাহমুদ এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (বিএমএ) মহাসচিব ও স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচীপ) সভাপতি এম ইকবাল আর্সলান জাতীয় প্রেসক্লাবে বেকার নার্সদের অবস্থান কর্মসূচিতে উপস্থিত হয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে এ নিয়ে আলোচনার আশ্বাস দেন। এ সময় তিনি কর্মসূচি স্থগিত করার অনুরোধ জানান। তার অনুরোধে সাতদিনের জন্য অবস্থান কর্মসূচি স্থগিত করেন নার্সরা। এ সময়ের মধ্যে দাবি মানা না হলে আরো কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে তারা জানান।
নিয়োগসহ বিভিন্ন দাবিতে শনিবার পঞ্চম দিনের মতো প্রেসক্লাবের সামনের ফুটপাত ও রাস্তায় বাংলাদেশ ডিপ্লোমা বেকার নার্সেস অ্যাসোসিয়েশনের ব্যানারে বেকার নার্সরা অবস্থান কর্মসূচি পালন করেন।