নার্সকে দিয়ে টিকাদান কার্যক্রম উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

নার্সকে দিয়ে টিকাদান কার্যক্রম উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

সিনিয়র স্টাফ নার্স রুনু বেরোনিকা কস্তাকে টিকা দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা টিকাদান কার্যক্রম উদ্বোধন করেছেন। উদ্বোধনের সঙ্গে সঙ্গে কুর্মিটোলা হাসপাতালে পাঁচজনকে টিকা দেয়া হয়।

আজ ২৭ জানুয়ারি (বুধবার) বিকেলে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনাভাইরাসের সংক্রমণ রোধে টিকাদান কর্মসূচির উদ্বোধন করেছেন।

ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স রুনু বেরোনিকা কস্তার সাথে এই কার্যক্রমে টিকা নেওয়া আরও ৪ জন হলেন, কুর্মিটোলা হাসপাতালের চিকিৎসক আহমেদ লুৎফুল মোবেন, স্বাস্থ্য অধিপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা, পুলিশ সদস্য মো. দিদারুল ইসলাম ও সেনাসদস্য ব্রিগেডিয়ার জেনারেল এম ইমরান হামিদ। এছাড়া আরও ২৫ জনকে টিকা দেওয়া হবে।

প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সে উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন। তার আগে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতাল থেকে অংশ নিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বক্তব্য দেন।

এসময় টিকাদান ব্যবস্থাপনার ‘সুরক্ষা’প্ল্যাটফর্মের মোবাইল অ্যাপ ও ওয়েব অ্যাপ্লিকেশনের মাধ্যমে নিবন্ধন কার্যক্রম চালু করা হয়। যারা টিকা নিতে চান তাদের সবাইকেই এই অ্যাপসের মাধ্যমে অনলাইনে নিবন্ধন করতে হবে।

আগামীকাল বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) থেকে ঢাকার পাঁচটি হাসপাতালের ৪০০ থেকে ৫০০ জনকে টিকা দেওয়ার প্রস্তুতি চলছে। আর সারাদেশে গণটিকাদান কার্যক্রম শুরু হবে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে।

রাজধানীর যে পাঁচ হাসপাতালে টিকা দেওয়া হবে, তা হলো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, মুগদা জেনারেল হাসপাতাল ও কুয়েত মৈত্রী হাসপাতাল। এসব হাসপাতালে টিকা দেওয়ার জন্য নির্দিষ্ট স্থানে বুথ তৈরি করা হয়েছে। এছাড়া টিকা প্রয়োগের পরবর্তী পর্যবেক্ষণ ও কারো পার্শ্ব-প্রতিক্রিয়া দেখা দিলে তাদের স্বাস্থ্যসেবা দেওয়ার জন্য ব্যবস্থা করে রেখেছে হাসপাতালগুলো।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।