দেবাশীষ মুখার্জী, কূটনৈতিক প্রতিবেদক: ভারতে নির্দিষ্ট কিছু সংবাদমাধ্যম বলিউডকে আক্রমণ করে সংবাদ পরিবেশন করছে- এই অভিযোগে ৩৮টি ফিল্ম প্রযোজনা সংস্থা ও চলচ্চিত্র সংগঠন দু’টি সংবাদ চ্যানেল এবং চার জন সাংবাদিকের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। সংবাদ পরিবেশনের নামে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির মানহানি করা হয়েছে- এই অজুহাতে আদালতের দ্বারস্থ শাহরুখ খান, সলমন খান, আমির খানরা।
রিপাবলিক টিভি, টাইমস নাও এবং এই দুই চ্যানেলের চার কর্মী- অর্ণব গোস্বামী, প্রদীপ ভান্ডারি, রাহুল শিবশঙ্কর ও নভিকা কুমারের বিরুদ্ধে দিল্লি হাইকোর্টে মামলা দায়ের করা হয়েছে বলিউডে প্রথম সারির প্রযোজনা সংস্থাগুলির তরফে, যেখানে রয়েছেন শাহরুখ, সলমন, আমির, আদিত্য চোপড়া, ফারহান আখতার, করণ জোহরদের প্রযোজনা সংস্থার নাম। শুধু তাই নয়, এই পিটিশনে নাম রয়েছে চার চলচ্চিত্র সংক্রান্ত সংগঠনেরও।
অভিযোগ জানিয়েছে দ্য ফিল্ম অ্যান্ড টেলিভিশন প্রোডিউসার্স গিল্ড অফ ইন্ডিয়া, সিনে অ্যান্ড টিভি আর্টিস্ট অ্যাশোশিয়েশন, ইন্ডিয়ান ফিল্ম অ্যান্ড প্রোডিউসার্স কাউন্সিল এবং স্ক্রিন রাইটার্স অ্যাসোসিয়েশন।
বলিউডের সিনেমা জগৎ এবং তার সঙ্গে জড়িত অভিনেতা-অভিনেত্রী পরিচালক, কলাকুশলীদের বিরুদ্ধে ‘দায়িত্বজ্ঞানহীন, অবমাননাকর ও অপমানসূচক মন্তব্য’ করার অভিযোগ আনা হয়েছে এই সংবাদ মাধ্যম ও সাংবাদিকদের বিরুদ্ধে। এই দু’টি চ্যানেলকে নিয়ন্ত্রণের দাবিও জানানো হয়েছে মামলাকারীদের পক্ষ থেকে।
বলিউডের তরফে দায়ের করা এই যৌথ মামলায়, চ্যানেল গুলিতে বলিউডের বিরুদ্ধে ব্যবহার করা- ‘নোংরা’, ‘দূষিত’, মাদকাসক্ত, নোংরামিতে ভরপুর এই ধরণের শব্দ ব্যবহারে আপত্তি জানানো হয়েছে। অবশ্য বলিউডের পাকিস্তানপন্থী ও সেক্যুলার চলচ্চিত্র সংশ্লিষ্টদের বিরুদ্ধে সুস্পষ্ট অভিযোগ রয়েছে যে,তারা সনাতন ধর্ম ও সংস্কৃতির বিরুদ্ধে অবমাননার ও কুরুচিপূর্ণ মন্তব্য করছে এবং অত্যন্ত কুটকৌশলে তারা পাকিস্তানি ভাবাদর্শ প্রচার করছে।




