আমরা রায়ের জন্য অপেক্ষা করলাম, বন্ধু-বান্ধব মিলে সবাই একসঙ্গে ছিলাম। যে দোষ আমি করিনি, সেই দোষের ওপর শাস্তি দিল। এটা আমাদের কপালে ছিল, জাতির কপালে ছিল। আমরা সেটা গ্রহণ করলাম। এটিকে যদি ন্যায়বিচার বলতে চান, বলুন। বলেছেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস।
আজ সোমবার (১ জানুয়ারি) রাজধানীর পল্টনে শ্রম আদালতের বাইরে রায়ের প্রতিক্রিয়া জানতে চাইলে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে দায়ের হওয়া মামলায় সোমবার গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসসহ চারজনকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন আদালত। এরপরই ড. ইউনূসকে ৩০ দিনের মধ্যে আপিল করার শর্তে জামিন দেওয়া হয়।
২০২১ সালের ৯ সেপ্টেম্বর ঢাকার তৃতীয় শ্রম আদালতে কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের শ্রম পরিদর্শক আরিফুজ্জামান বাদী হয়ে ড. ইউনূসসহ চারজনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।




