বিশেষ প্রতিবেদকঃ দেশের পিছিয়ে পড়া অঞ্চলগুলোতে স্যানিটেশন নিয়ে কাজ করছে এইড ফাউন্ডেশন। সে লক্ষ্যেই ঝিনাইদহ পৌরসভা এলাকায় দেড় লাখ মানুষের স্যানিটেশন উন্নয়নের জন্য ঝিনাইদহ পৌরসভার সাথে চুক্তি করেছে এইড ফাউন্ডেশন।
নিরাপদ, সাশ্রয়ী ও সমন্বিতভাবে শহরের মানববর্জ্য ব্যবস্থাপনা সেবা প্রদানের লক্ষ্যে সম্প্রতি ঝিনাইদহ পৌরসভা এবং এইড ফাউন্ডেশনের মধ্যে চুক্তি স্বাক্ষর হয়।
ঝিনাইদহ পৌরসভা এবং এইড ফাউন্ডেশনের পক্ষে এ চুক্তিতে স্বাক্ষর করেন ঝিনাইদহ পৌরসভার মেয়র সাইদুল করিম মিন্টু এবং এইড ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী তারিকুল ইসলাম পলাশ।
অনুষ্ঠানে পৌরসভার কাউন্সিলর ও কর্মকর্তাগণ এবং এসএনভি নেদারল্যান্ড ডেভলপমেন্ট সংস্থার এফএসএম প্রোগ্রামের টিম লিডার রাজীব মুনানকামী উপস্থিত ছিলেন।
বাংলাদেশে এই মুহূর্তে ৯০ শতাংশের বেশি মানুষকে স্যানিটেশন সুবিধার মধ্যে আনা সম্ভব হয়েছে বলে সম্প্রতি সংসদে বাজেট বক্তৃতায় জানান অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।
তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং ইউনিসেফের প্রতিবেদনে বাংলাদেশে উন্নত ল্যাট্রিনের হার ৫৫ শতাংশ বলে জানিয়েছে।
স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতে কে কতটা সফল হয়েছে তা নিয়ে বিতর্ক থাকলেও কাজ এগিয়ে চলেছে৷ এক্ষেত্রে বেসরকারি বিভিন্ন উন্নয়ন সংস্থাগুলোও ভালো অবদান রাখছে৷ ব্র্যাক তাদের ওয়েবসাইটে জানিয়েছে, বাংলাদেশের ২৪৮টি উপজেলার গ্রাম ও প্রত্যন্ত অঞ্চলের জনগণের নিকট টেকসই ও সমন্বিত ওয়াটার, স্যানিটেশন ও হাইজিনসেবা পৌঁছে দেওয়ার মাধ্যমে অস্বাস্থ্যকর ল্যাট্রিন, দূষিত পানি এবং অনিরাপদ স্বাস্থ্য অভ্যাসের কারণে সৃষ্ট দূষণচক্রের অবসানকল্পে কাজ করছে সংস্থাটি৷



