দুর্নীতির বিরুদ্ধে বঙ্গবন্ধুর ভাষণটি জনগণকে জানানো প্রয়োজন-হাইকোর্ট

দি নিউজ ডেস্কঃ দুর্নীতি ও ঘুষ রুখতে বঙ্গবন্ধুর একটি ভাষণ দেশের সকল স্থানে বাজানোর পরামর্শ দিয়েছে হাইকোর্ট। জয় বাংলা’কে জাতীয় শ্লোগান ঘোষণার মামলার শুনানিকালে বিচারপতি এই মন্তব্য করেন।

আদালত বলেছে, ব্যাংক খালি হয়ে গেছে, হাজার হাজার কোটি টাকা দেশের বাইরে চলে গেছে। এখন যদি বেসরকারি ব্যাংকের মত সরকারি ব্যাংক থেকেও টাকা চলে যায় তাহলে এই খাতে ধ্বস নামবে। জয় বাংলা’কে জাতীয় শ্লোগান ঘোষণার মামলার শুনানিকালে বিচারপতি এফআরএম নাজমুল আহাসান ও বিচারপতি কেএম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বুধবার এই মন্তব্য করেন।

 

এ মামলায় রাষ্ট্রপক্ষে বক্তব্য রাখেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। তিনি ১৯৭২ সালের ৫ এপ্রিল ময়মনসিংহ সার্কিট হাউজের জনসভায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেওয়া ভাষণের অংশ বিশেষ আদালতে তুলে ধরেন। ওই ভাষণে বঙ্গবন্ধু বলেছিলেন, ‘ইনশাল্লাহ সোনার বাংলা আবার জাগবে, যদি শোষণহীন সমাজ গড়তে পারি। তবে আপনাদের সাহায্য সহযোগিতা প্রয়োজন। আপনাদের কাছে আমার আরেকটা অনুরোধ হলো যে, দুর্নীতি ও ঘুষের বিরুদ্ধে আপনারা আন্দোলন করতে রাজি আছেন কিনা? দুর্নীতি আর ঘুষ, রাজি আছেন? হ্যাঁ, খোদা হাফেজ-জয় বাংলা।’

এ পর্যায়ে অ্যাটর্নি জেনারেলের উদ্দেশ্যে হাইকোর্ট বলেন, ‘বঙ্গবন্ধুর এই ভাষণ এখন বেশি করে জনগণকে জানানো দরকার। সেজন্য ভাষণটি সকল স্থানে বেশি বেশি করে বাজানো দরকার।’ আদালত বলেন, ‘আমানত সুরক্ষা আইন করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে ব্যাংক দেউলিয়া হয়ে গেলে আমানতকারী ১০ কোটি টাকা রাখলে পাবেন মাত্র এক লাখ টাকা। এটা কি দুর্নীতিবাজদেরকে উৎসাহিত করতে করা হয়েছে? আদালত বলেন, ‘২০-২২জন ব্যক্তি যাদের কাছে সম্পদ রয়েছে তারা যদি দেউলিয়া হয়ে যায় তাহলে আর্থিক খাতে বড় ধরনের প্রভাব পড়বে।

অ্যাটর্নি জেনারেল বলেন, ‘জয় বাংলা’ ছিলো আমাদের স্বাধীনতা সংগ্রামের মূলমন্ত্র। যে শ্লোগান দিয়ে মুক্তিযোদ্ধারা যুদ্ধ করেছেন, জীবন দিয়েছেন শহীদ হয়েছেন। বাঙালির চেতনা, বাঙালির স্বাধীনতা, বাঙালির অহংকার, বাঙালির বিশ্বজয়, বাঙালির সুখে-দু:খে আনন্দে, ভ্রাতৃত্বে জাগিয়ে তোলার শ্লোগান ‘জয় বাংলা’। এসব বিবেচনাতেই ‘জয় বাংলা’ যাতে উচ্চারিত হয় সেই মর্মে নির্দেশ হওয়া প্রয়োজন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Ovi Pandey
সংবাদ প্রতিনিধি

Ovi Pandey

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।