বিশেষ প্রতিবেদকঃ কোটি টাকার ট্যাক্স-ভ্যাট ফাঁকি ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এবং এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি এ কে আজাদকে আজ মঙ্গলবার তলব করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। কিন্তু তিনি হাজির না হয়ে আজ সকালে আইনজীবীর মাধ্যমে দুদকের কাছে সময় আবেদন করেন।
দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য বিষয়টি নিশ্চিত করেন।
গত ২১ মার্চ দুদকের পরিচালক মীর মো. জয়নুল আবেদিন শিবলী স্বাক্ষরিত চিঠিতে তাকে আজ তলব করা হয়। নোটিশে তার বিরুদ্ধে কোটি টাকার কর ফাঁকি দিয়ে ঘোষিত আয়ের বাইরে হাজার কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগের কথা বলা হয়েছে।
নোটিশে এ কে আজাদকে সকাল ১০টায় দুদকের প্রধান কার্যালয়ে উপস্থিত হয়ে বক্তব্য প্রদান করে অনুসন্ধান কাজে সহযোগিতা করার জন্য অনুরোধ করা হয়েছে।
এর আগে এ কে আজাদের গুলশানের বাড়ি ভেঙে দেয় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। গুলশানের ৮৬ নম্বর সড়কের ১ নম্বর বাড়িতে এ অভিযান চালানো হয়। অভিযানের আগে সকালে বাড়ির বিদ্যুৎ ও গ্যাসসহ বিভিন্ন সেবা সার্ভিসের সংযোগ বিচ্ছিন্ন করা হয়। রাজউকের নকশা বহির্ভূত হওয়ায় বাড়িটি ভেঙে দেয়া হয়। মঙ্গলবার অভিযানে দ্বিতল ওই বাড়ির সামনের দেয়াল, বারান্দা ও একটি ব্যালকনির কিছু অংশ ভেঙে ফেলা হয়েছে। পুরোটাই ভাঙা হবে বলে জানিয়েছেন রাজউকের পরিচালক অলিউর রহমান।
রাজউক সূত্রে জানা যায়, ১৯৬৪ সালে নির্মিত বাড়িটি দুই বিঘা জমির ওপর। একসময় এখানে স্কুল ছিল।