দীর্ঘ ১৮ বছরেও ঐতিহাসিক এই চুক্তির অমীমাংসিত রয়ে গেছে ভূমি বিরোধসহ স্থানীয় অনেক গুরুত্বপূর্ণ বিষয়। এতে হাহাকার কাটছে না খাগড়াছড়ি ও রাঙামাটিতে বসবাসকারী পাহাড়িদের।
এদিকে, চুক্তি বাস্তবায়ন নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য ক্ষমতাসীন দল ও জনসংহতি সমিতির। তবে বিশিষ্টজনরা বলছেন, চুক্তি বাস্তবায়নে দু’পক্ষকেই আন্তরিক হতে হবে।
পার্বত্য চট্টগ্রাম সমস্যাকে রাজনৈতিক ও শান্তিপূর্ণ উপায়ে সমাধানের লক্ষ্যে ১৯৯৭ সালের এই দিনে গণভবনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে পার্বত্য চট্টগ্রাম চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি স্বাক্ষরের মধ্যদিয়ে পার্বত্য অঞ্চলে শান্তি আর স্থিতিশীলতা ফিরে আসার লক্ষ্যে সেদিন অস্ত্র জমা দেয় জনসংহতি সমিতির প্রায় আড়াই হাজার সদস্য।
চুক্তির পর অন্যান্য পার্বত্য জেলার মতো শান্তির স্বপ্ন দেখেন খাগড়াছড়ির বাসিন্দারা। কিন্তু আজও অমীমাংসিত রয়ে গেছে ভূমি বিরোধসহ বড় ধরনের জটিলতাগুলো। পাহাড়িদের অভিযোগ, সরকারের আন্তরিকতা না থাকায় ঐতিহাসিক চুক্তির পূর্ণ বাস্তবায়ন হচ্ছে না।
অন্যদিকে, বছরের পর বছর ধরে চলা নানা বঞ্চনা-যন্ত্রণা এখন ক্ষোভে রূপ নিয়েছে রাঙামাটির মানুষের কাছে। তাই, চুক্তি বাস্তবায়নে সরকারের অনীহাকে দায়ী করে আসছে জনসংহতি সমিতিসহ বিভিন্ন পাহাড়ি সংগঠন। তবে একথা মানতে নারাজ ক্ষমতাসীন দলের নেতারা।
এ ব্যাপারে জনসংহতি সমিতির মুখপাত্র সজীব চাকমা বলেন, ‘এ দীর্ঘ সময়েও পার্বত্য চট্টগ্রাম চুক্তি যথাযথ বাস্তবায়ন না হওয়ায় পেছনে সরকারের সদিচ্ছার অভাব রয়েছে। ইতিমধ্যে জনসংহতি সমিতি এ চুক্তি বাস্তবায়নে অসহযোগ আন্দোলনকে এগিয়ে নিয়ে যাচ্ছে।’
বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং পার্বত্য বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর বলেন, ‘পার্বত্য চট্টগ্রামে ভূমি কমিশন ছিলো না, সরকার সেটা নিয়োগ দিয়েছে। তাই, ধীরে ধীরে সবই বাস্তবায়ন হচ্ছে।’
অন্যদিকে, বিরোধ-বিতর্ক ছাপিয়ে ঐতিহাসিক চুক্তির পূর্ণ বাস্তবায়নে দু’পক্ষকেই আন্তরিক হতে হবে বলে মনে করেন জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য নিরূপা দেওয়ান।
সরকারের পক্ষ থেকে, চুক্তির মোট ৭২টি ধারার মধ্যে ৪৮টি পুরোপুরি আর ১৫টি আংশিক বাস্তবায়নের কথা বলা হলেও, মাত্র ২৫টি ধারা বাস্তবায়ন হওয়ার দাবি জনসংহতি সমিতির।