তুরস্কের ইতিহাসে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পটি আঘাত হেনেছে ৬ ফেব্রুয়ারি। ১৯৩৯ সালের পর এমন ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা ৪৩৭২ জনে দাঁড়িয়েছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস-এর আশঙ্কা, নিহতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যেতে পারে। তবে ফ্র্যাঙ্ক হজারবীট নামে ওই বিজ্ঞানীর সতর্কবার্তা মানলে হয়তো ক্ষয়ক্ষতি এবং প্রাণহানির পরিমাণ আরও কমানো যেত।
গত ৩ ফেব্রুয়ারি তুরস্ক ও সিরিয়ার সীমান্তে সংঘটিত ভূমিকম্পের তিনদিন আগেই এই বিষয়ে সতর্ক করে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে শেয়ার করা এক পোস্টে বিজ্ঞানী ফ্র্যাঙ্ক হজারবীট এই বিষয়ে সতর্ক করেছিলেন।
তুরস্ক ও সিরিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে। সবশেষ খবর অনুযায়ী, দেশ দুটিতে সোমবার (৬ ফেব্রুয়ারি) সকালে আঘাত হানা ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা ৪ হাজার ৩০০ ছাড়িয়ে গেছে।
সোমবার (৬ ফেব্রুয়ারি) ভোরে ৭.৮ মাত্রার একটি ভূমিকম্প তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলে আঘাত হানে। এর ১১ মিনিট পরই আঘাত হানে ৭.৬ মাত্রার আরও একটি ভূমিকম্প। তুরস্ক ছাড়াও এ ভূমিকম্প পার্শ্ববর্তী দেশ সিরিয়া, সাইপ্রাস ও লেবাননেও অনুভূত হয়।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) বলছে, এদিন ভোর ৪টা ১৭ মিনিটে সিরিয়ার সীমান্তবর্তী তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলের গাজিয়ানতেপ শহরে ভূমিকম্পটি আঘাত হানে। ৭.৮ মাত্রার ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল কাহরামানমারাস শহরে।
মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন নিউজের প্রতিবেদন অনুসারে, নিহত ৪ হাজার ৩৭২ জনের মধ্যে তুরস্কের ২ হাজার ৯২১ জন। তুরস্কের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের প্রধান ইউনুস সাজের এ সংখ্যা নিশ্চিত করেছেন। তিনি আঙ্কারায় এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, এরই মধ্যে আহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ৮৩৪ জনে।
অপরদিকে, সিরিয়ায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৪৫১ জনে। দেশটির কর্মকর্তারা নিহতের সংখ্যা নিশ্চিত করছেন। তারা জানিয়েছেন, আহতের সংখ্যা পৌঁছেছে সাড়ে ৩ হাজার জনে।
তুরস্কের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, ভূমিকম্পে তুরস্কের ৭টি প্রদেশের অন্তত ১০টি শহর ক্ষতিগ্রস্ত হয়েছে। শহরগুলো হলো গাজিয়ান্তেপ, কাহরামানমারাস, হাতে, ওসমানিয়া, আদিয়ামান, মালাতিয়া, সানলিউরফা, দিয়ারবাকির এবং কিলিস। এ ছাড়া সিরিয়ার আলেপ্পো, হামা এবং লাকাতিয়া শহরও ক্ষতিগ্রস্ত হয়েছে এই ভূমিকম্পে।
ভুমিকম্পের সতর্ক বার্তায় কি লিখেছিলেন বিজ্ঞানী
ফ্র্যাঙ্ক হজারবীট মূলত সোলার সিস্টেম জিওমেট্রি সার্ভে বা এসএসজিইওএস হয়ে কাজ করেন। এই প্রতিষ্ঠানের মূল কাজ হলো ভূমিকম্প সংক্রান্ত বিষয়াবলী নিয়ে গবেষণা করা। ফ্র্যাঙ্ক হজারবীট তার ৩ ফেব্রুয়ারিতে করা টুইটে বলেছিলেন, খুব শিগগিরই দক্ষিণ ও কেন্দ্রী তুরস্ক, সিরিয়া, জর্ডান এবং লেবাননে কোনো একটি অঞ্চলে ৭ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প হবে।
ফ্র্যাঙ্ক হজারবীট একটি ম্যাপও শেয়ার করেছিলেন তার টুইটে। যেখানে দেখানো হয়েছিল, ভূমিকম্প হলে কোন কোন এলাকা কবলিত হবে। তার সেই টুইটটি তুরস্কের ভূমিকম্পের পর নতুন করে আলোচনায় এসেছে। নেটিজেনরা বেশ অবাকই হয়েছেন বিষয়টি দেখে।
তুরস্ক ও সিরিয়ার সীমান্তে ভূমিকম্প সংঘটিত হওয়ার পর ফ্র্যাঙ্ক হজারবীট এক টুইটে লিখেন, তিনি কেন্দ্রীয় তুরস্কে সংঘটিত ভয়াবহ ভূমিকম্প কবলিত সকলের প্রতি সহমর্মী।
হজারবীট আরও লিখেন, ‘আমি আগেই বলেছি, শীঘ্র বা পরে এই অঞ্চলে এটি ঘটারই কথা ছিল। যার সঙ্গে ১১৫ এবং ৫২৬ সালে সংঘটিত ভূমিকম্পের সাদৃশ্য রয়েছে। ভূমিকম্পগুলো সবসময়ই গ্রহের ভূ-অভ্যন্তরীণ কাঠামোর জ্যামিতির পরিবর্তনের কারণে সংঘটিত হয়।’