খান নাজমূল হুসাইন তালা প্রতিনিধিঃ তালা উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচন ২০১৬- এ নব-নির্বাচিত ইউপি সদস্য ও সংরক্ষিত আসনের সদস্যাদের শপথ গ্রহণ অনুষ্ঠান গতকাল সোমবার সকাল ১০টায় ও সকাল ১১টায় দু’ধাপে স্থানীয় শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
ইউপি সদস্যদের শপথ অনুষ্ঠান পরিচালনা করেন, তালা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুর রহমান। আলোচ্য শপথ অনুষ্ঠানে খুলনা বিভাগীয় স্থানীয় সরকার বিভাগের পরিচালক নিশ্চিন্ত্য কুমার পোদ্দার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া অনুষ্ঠানে তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, ইউএনডিপি’র খুলনা বিভাগীয় ফ্যাসিলিটেটর সিনিয়র সহকারী সচিব মোঃ গিয়াস উদ্দীন, তালা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ ইখতিয়ার হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন্নেছা খানম, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার তথা- ইউপি নির্বাচনে রিটার্নিং অফিসার মোঃ আমিনুল ইসলাম ও উপজেলা নির্বাচন অফিসার মনোরঞ্জন বিশ্বাস বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তাছাড়া নব-নির্বাচিত ইউপি চেয়ারম্যানগণও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
প্রকাশ, তালা উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদের মধ্যে কুমিরা ইউপি ব্যাতীত দু’ধাপের এই শপথ অনুষ্ঠানে সকাল ১০টায় প্রথম ধাপে তালা সদর, ইসলামকাটি, খলিলনগর, মাগুরা, খেশরা ও জালালপুর আলোচ্য ৬ ইউনিয়নের ৭২ জন ইউপি সদস্য ও সকাল ১১টায় দ্বিতীয় ধাপে ধানদিয়া, নগরঘাটা, সরুলিয়া, তেঁতুলিয়া ও খলিশখালী এই ৫ ইউনিয়নের ৬০ জন ইউপি সদস্য সমন্বয়ে মোট ১৩২ জন জনপ্রতিনিধি এই শপথ গ্রহণ করেন।
উল্লেখ্য, তালা উপজেলার ১২টি ইউপি নির্বাচনে নির্বাচনকালীন কুমিরা ইউনিয়নে নিরাপত্তা বাহিনীর গোলাগুলির কারনে ভোট গ্রহণ স্থগিত থাকায় সংশ্লিষ্ট ইউপি’র শপথ অনুষ্ঠিত হয়নি।