তামাকমুক্ত, মেধাবী, দেশপ্রেমিক ও মূল্যবোধসম্পন্ন মানুষের সমাজ গড়ুন -তথ্যমন্ত্রী

‘সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টাই পারে তামাকমুক্ত, মেধাবী, দেশপ্রেমিক ও মূল্যবোধসম্পন্ন মানুষের সমাজ গড়ে তুলতে।’  বললেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
বুধবার দুপুরে তামাক বিরোধী সংগঠন প্রজ্ঞা, এন্টি টোবাকো মিডিয়া এলায়েন্স ও ক্যাম্পেইন ফর টোবাকো ফ্রি কিডস’র সম্মিলিত উদ্যোগে ‘তামাকমুক্ত বাংলাদেশ অর্জনে অগ্রগতি, বাধা ও করণীয়: গ্যাটস ২০১৭ এর আলোকে একটি বিশ্লেষণ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, ‘স্বাস্থ্যহানিকর তামাক সেবন থেকে যেমন দূরে থাকতে হবে, তেমনি মেধার সাথে দেশপ্রেম ও মূল্যবোধের সমন্বয় ঘটাতে হবে। মনে রাখতে হবে, দেশপ্রেম ও মূল্যবোধ ছাড়া উন্নত মানুষ হয়ে ওঠা ও উন্নত জাতি গড়া সম্ভব নয়।’
‘তামাক ও তামাকজাত পণ্য ব্যবহারে স্বাস্থ্যঝুঁকির কথা দেশের মানুষ অবহিত, জনসম্মুখে ধুমপান নিষিদ্ধের আইনও দেশে রয়েছে, তবে এর যথাযথ প্রয়োগ প্রয়োজন’ উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘আশার কথা এই যে, দেশে গত ৮ বছরে ধুমপায়ীদের শতকরা হার কমে এসেছে। ধুমপান বিরোধী প্রচারণা এক্ষেত্রে প্রশংসার দাবি রাখে।’
ড. হাছান মাহমুদ বলেন, ‘তামাক ও তামাকজাত পণ্য ব্যবহারের বিরুদ্ধে প্রচারণার পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে আসক্তির বিরুদ্ধেও প্রচারণা প্রয়োজন। একইসাথে সারাজীবনে যারা ধুমপান করেনি, তাদেরকে পুরস্কার দেবার উদ্যোগও নেয়া যেতে পারে।’
বিশিষ্ট সাংবাদিক মোজাম্মেল হোসেনের সভাপতিত্বে ও এন্টি টোবাকো মিডিয়া এলায়েন্স’র আহ্বায়ক নাদিরা কিরণের সঞ্চালনায় স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মোঃ আসাদুল ইসলাম, বিআইডিএস এর জ্যেষ্ঠ গবেষক ড. নাজনীন আহমেদ বিশেষ অতিথি হিসেবে এবং বাংলাদেশ ইনস্টিটিউট অভ ইন্টারন্যাশনাল এন্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ’র গবেষণা পরিচালক ড. মাহফুজ কবীর প্রধান আলোচক ও তামাক বিরোধী সংগঠন প্রজ্ঞা’র সমন্বয়ক মোঃ হাসান শাহরিয়ার মুল উপস্থাপক হিসেবে সভায় বক্তব্য রাখেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।