ঢাকার জলাবদ্ধতা একটি দীর্ঘদিনের সমস্যা, এ সমস্যা নিরসনে সরকার কাজ করছে। বর্তমান জলাবদ্ধতা সমস্যা যথেষ্ঠ কমে এসেছে। সবাই মিলে দায়িত্ব নিয়ে কাজ করলে এ সমস্যা থেকে পুরোপুরি বের হয়ে আসা সম্ভব। বললেন স্থানীয় সরকার মন্ত্রী মোঃ তাজুল ইসলাম।
আজ রাজধানীর রমনায় আইইবি’র সেমিনার কক্ষে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ, ঢাকা কেন্দ্রের উদ্যোগে ‘ঢাকা মহানগরীর জলাবদ্ধতার কারণ ও তা নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন আইইবি, ঢাকা কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী মোঃ ওয়ালিউল্লাহ সিকদার এবং মূল প্রবন্ধ উপস্থাপন করেন বুয়েটের পুরকৌশল বিভাগের সাবেক বিভাগীয় প্রধান এবং বর্তমানে ইউনিভার্সিটি অভ্ এশিয়া প্যাসিফিকের অধ্যাপক প্রকৌশলী ড. মো. মুজিবুর রহমান।
সেমিনারে বক্তারা বলেন, ঢাকা মহানগরীর জলাবদ্ধতার জন্য কারিগরি ও প্রাতিষ্ঠানিক কারণ ছাড়াও আমাদের আর্থসামাজিক অবস্থা দায়ী। এ থেকে উত্তরণে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাধ্যমে একটি রেগুলেটরি ফ্রেমওয়ার্ক করে দিলে বিভিন্ন দপ্তর/সংস্থার মধ্যে সমন্বয় সহজ হবে। তারা সমস্যার প্রকৃতির ওপর নির্ভর করে সমাধানের ওপর গুরুত্বারোপ করেন।
সেমিনারে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশের সভাপতি প্রকৌশলী মো. আবদুস সবুর, সাধারণ সম্পাদক প্রকৌশলী খন্দকার মনজুর মোর্শেদ, ইনস্টিটিউট অভ্ ওয়াটার মডেলিং (আইডব্লিউএম) এর নির্বাহী পরিচালক প্রকৌশলী ড. এম. মনোয়ার হোসেন, বাংলাদেশ প্রকৌশল বিশ^বিদ্যালয় (বুয়েট) এর পানি সম্পদ কৌশল বিভাগের প্রফেসর প্রকৌশলী ড. মো. আব্দুল মতিন প্রমুখ।




