সৈকত দত্ত, শরীয়তপুর থেকে: শরীয়তপুর সদর উপজেলার ডোমসার ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র খোলা হয় সকাল ১০টায়। ডাক্তার আসেন সাড়ে ১০টার পরে আর চলে যান যোহরের আযান দিলে। এমন তথ্য মিলে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে চিকিৎসা সেবা পেতে আসা রোগীদের কাছ থেকে। স্থানীয়রা জানায় ডাক্তার তো ঠিক সময়েই আসে তবে ঠিক সময় বলতে তারা বুঝেন সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত। এমনি ভাবে সাধারণ মানুষের সাথে চিকিৎসা প্রতারণা করছে চিকিৎসকরা। কর্তৃপক্ষের দায়সারা বক্তব্য ব্যবস্থা গ্রহন করবে।
ডোমসার ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে একজন মেডিকেল অফিসার পদায়ন রয়েছে আর সহযোগী হিসেবে রয়েছে একজন এমএলএসএস। দায়িত্বরত মেডিকেল অফিসার মেজবাউল খান সপ্তাহে ৩ দিন সকাল সাড়ে ১০টায় স্বাস্থ্য কেন্দ্রে আসেন তাই এমএলএসএস মগবুল হোসেন সকাল ১০টায় স্বাস্থ্য কেন্দ্র খোলেন। এমন তথ্য পাওয়া গেলো স্থানীয় ও ঔষধ নিতে আসা রোগীদের কাছ থেকে। তবে গত ২৯ আগষ্ট সোমবারও স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে একই দৃশ্য দেখা গেছে। তখন এমএলএসএস মগবুল বলেছিল স্যার সপ্তাহের সোম-বুধবার সদর হাসপাতালে বসেন। তাই অপেক্ষা করতে হলো বৃহস্পতিবার পর্যন্ত।
১ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টা থেকে স্বাস্থ্য কেন্দ্রে অবস্থান ছিল প্রতিবেদকের। তখন স্বাস্থ্য কেন্দ্র তালাবদ্ধ ছিল। সকাল সাড়ে ৯টায় দেখা যায় স্থানীয় মোতালেব গোরাপীর স্ত্রী নুরবানু স্বাস্থ্য কমপ্লেক্সের তালা খুলছে। তখন তিনি জানায়, ছাদে ধান শুকাইতে দেই তাই স্যারের কাছ থেকে চাবি রাখছি।
পাশ্ববর্তী কোয়ারপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী লিমন, মারুফ, তানভিরদের সাথে আলাপকালে জানায়, ১০টার পূর্বে হাসপাতাল খোলা হয় না।
চিকিৎসা নিতে আসা জলিল সরদারের স্ত্রী রাবিয়া খাতুন, মুনছের আলী সরদারের স্ত্রী রুমি জানায়, সকাল থেকে এসে বসে আছি হাসপাতাল খুলছে না। সকালে ঔষধ দিলে বাড়িতে গিয়ে সংসারের কাজ করা যায়। ১১/১২টা পর্যন্ত হাসপাতালে থাকলে আর সংসারের কাজ হয় নাই। তাই সহজে হাসপাতালে আসি না। ১০টা বাজে ডাক্তারতো আসে না।
হাসপাতালের এমএলএসএস ১০টার সময় এসে বলেন, বাইসাইকেল চালাইয়া আসিতো তাই দেরি হয়। ডাক্তার স্যারে কিছুক্ষণের মধ্যে আসবে আমার সাথে ফোনে কথা হয়েছে।
এ বিষয়ে শরীয়তপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নির্মল চন্দ্র দাস বলেন, হাসপাতাল সকাল সাড়ে ৮টা থেকে আড়াইটা পর্যন্ত খোলা থাকবে। অনিয়মের জন্য ডাক্তারকে আমি কারণ দর্শাবো। কেন সে কর্মস্থলে থাকে নাই তার প্রয়োজনীয় ব্যবস্থাও নিবো।