বিশ্ব বাণিজ্য সংস্থা (ডব্লিউটিও) থেকে বেরিয়ে যাওয়ার হুমকি দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। শুল্ক যুদ্ধের উত্তাপ বাড়িয়ে ফের এভাবেই বিশ্ব বাণিজ্য সংস্থাকে হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বেশ কিছুদিন ধরেই ট্রাম্পের অভিযোগ, ডব্লিউটিও থেকে যুক্তরাষ্ট্রের প্রতি অবিচার করা হচ্ছে। সেখানে খুব কমই মামলা জিতেছেন তাঁরা। আর এ বার মার্কিন সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, গত বছর থেকে আমেরিকা মামলা জিততে শুরু করেছে। কারণ তারা জানে, তা না হলে যুক্তরাষ্ট্র বেরিয়ে যাবে।
একই সঙ্গে মার্কিন গাড়ির উপরে শুল্ক কাটছাঁট করা নিয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দেওয়া প্রস্তাব যথেষ্ট নয় বলেও জানান তিনি। যদিও ইইউ’র পাল্টা হুমকি, যুক্তরাষ্ট্র ইউরোপীয় গাড়িতে শুল্ক বাড়ালে, তারাও মার্কিন গাড়িতে কর আরোপ করবে।
মার্চে প্রথম বাণিজ্য যুদ্ধের দামামা বাজিয়েছিলেন ট্রাম্প। তার পর থেকে ক্রমাগত আক্রমণ করেছেন চীন, ভারত, ইউরোপের বিভিন্ন দেশকে। অভিযোগ করেছেন, ডব্লিউটিওর প্রতি চীনকে বাড়তি সুবিধা দেওয়ার। ইস্পাত ও অ্যালুমিনিয়ামে ট্রাম্প প্রশাসন শুল্ক চাপানোর পর থেকে ভারতসহ একের পর এক দেশ ডব্লিউটিএ’র কাছে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আর্জি জানিয়েছে।
তাতেও না দমে চীনা পণ্যে বাড়তি শুল্ক চাপিয়েছে ট্রাম্প প্রশাসন। যা নিয়ে ডব্লিউটির’র ডিরেক্টর জেনারেল রবার্তো আজেভেদো সতর্কও করেছেন। জানিয়েছেন, একমাত্র আলোচনার মাধ্যমেই সমাধান মিলতে পারে।



