আব্দুল আওয়াল, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের পুরোনো কপড়ের বাজার জমে উঠছে। শহরের সরকারি বালক উচ্চবিদ্যালয়ের বড়মাঠে বসেছে পুরোনো শীতবস্ত্রের বিরাট এক বাজার। দিনভর রোদ আর সন্ধ্যা ঘনিয়ে এলেই হালকা ঠান্ডা ঠান্ডা ভাব। এর মধ্যেই ঠাকুরগাঁওয়ে গরম কাপড়ের জন্য সচ্ছল ক্রেতারা যেমন দোকানে যাচ্ছেন, তেমনি স্বল্প আয়ের মানুষেরাও ভিড় করছেন পুরোনো শীতবস্ত্রের বাজারে। ক্রমেই ঠাকুরগাঁওয়ে জমে উঠছে পুরোনো শীতবস্ত্রের বাজার।
খুইজা লন বাইছা লন, খালি ৩০ টাকা, ৩০ টাকা’র ঠাকুরগাঁও শহরের বালক উচ্চবিদ্যালয়ের বড় মাঠে দোকানিদের এমন হাঁকডাক শোনা যাচ্ছে। এ ছাড়া বঙ্গবন্ধু সড়কের হকার্স মার্কেট, আদালত চত্বর ও পুরোনো বাসষ্ট্যান্ড এলাকায় মৌসুমী ব্যবসায়ীরা সাজিয়ে বসেছেন পুরোনো গরম কাপড়ের পসরা। কয়েকজন দোকানি বলেন, কয়েক দিন ধরেই শহরের প্রায় সব দোকানে কম- বেশি শীতের কাপড় কেনাকাটা শুরু হয়ে গেছে। ক্রেতাদের চাহিদার কথা ভেবে ছোট-বড়দের জ্যাকেট, মাফলার, সোয়েটার, হাত মোজা, কোর্ট, টুপিসবই মিলছে এসব দোকানে।
ঠাকুরগাঁও সদর উপজেলার নরগুন গ্রামের শ্রী মতি তিন মাসের নাতির গরম কাপড় কিনতে এসেছেন শহরের বড় মাঠে। এ দোকান ও দোকান ঘুরে অবশেষে ৪৫ টাকায় দুটি পুরোনো পায়জামা এবং ১০০ টাকায় তিনটি ফুলহাতা পুরোনো গেঞ্জি কিনলেন। তিনি বলেন, ‘শীতের সঙ্গে সঙ্গে গরম কাপড়ের দামও বেড়ে যায়। তাই আগেভাগেই গরম কাপড় কিনতে এখানে আসা। সদর উপজেলার সালন্দর এলাকার দিনমজুর সাদেক আলী স্ত্রীর জন্য সোয়েটার কিনতে এসে বলেন, ‘শহরের দোকান থাকি জারের (শীতের) কাপড় কেনার টাকা হামার নাই। পুরোনো কাপড়ের দোকান থাকি কম দামে সুইটার কিনে নিয়ে যাছু।
আদালত চত্বরের পুরোনো কাপড় ব্যবসায়ী মোঃ মিজানুর বলেন, এসব পুরোনো শীতের কাপড়ের গাট চট্রগ্রাম থেকে কিনে আনতে হয়। ৮-৯ হাজার টাকার একটি গাঁটে ৩৫০-৪০০ পিস গরম কাপড় থাকে। তবে কাপড়ের ধরনের ওপর গাটের দাম নির্ভর করে। বঙ্গবন্ধু সড়কের হকার্স মার্কেটের পুরোনো কাপড় ব্যবসায়ী শেখ মিন্টু বলেন, এখানে ১০০ থেকে ৫০০ টাকার মধ্যে বিভিন্ন ধরনের শীতের কাপড় পাওয়া যায় । বাজারে সব জিনিসের দাম একটু চড়া, তাই পুরোনো কাপড়ের দামও এবার কিছুটা বেড়েছে।