ঠাকুরগাঁওয়ে চাচাকে বাবা বানিয়ে মুক্তিযোদ্ধা ভাতা উত্তোলন; ভাইয়ের পরিচয়পত্র সংশোধনে এসে ধরা

ঠাকুরগাঁওয়ে চাচাকে বাবা বানিয়ে মুক্তিযোদ্ধা ভাতা উত্তোলন; ভাইয়ের পরিচয়পত্র সংশোধনে এসে ধরা
আব্দুল আউয়াল ঠাকুরগাঁও প্রতিনিধিঃ আপন চাচাকে বাবা বানিয়ে জাতীয় পরিচয়পত্র তৈরী করে নিজের মাকে দিয়ে মুক্তিযোদ্ধা ভাতা তুলে আসছিলেন এক যুবক। এতোদিন বিষয়টি ধরা না পড়লেও ভাইদের জাতীয় পরিচয়পত্র সংশোধন করতে গিয়ে জানাজানি হয় বিষয়টি। অতপর মিথ্যা তথ্য উপস্থাপন করে রাষ্ট্রকে ধোকা দেওয়ার অপরাধে সেই যুবককে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে ভ্রাম্যমাণ আদালত
রোববার (১ নভেম্বর) সন্ধ্যায় চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটেছে ঠাকুরগাঁও জেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে। আর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুন।
দন্ডপ্রাপ্ত যুবকের নাম জগেন্দ্র নাথ বর্মণ (৩৩)। তিনি সদর উপজেলার রাজাগাঁও ইউনিয়নের উত্তর বঠিনা গ্রামের ধণিচরণ বর্মণের ছেলে।
জানা যায়, সদর উপজেলার রাজাগাঁও ইউনিয়নের উত্তর বঠিনা গ্রামের ধণিচরণ বর্মণের ছেলে জগেন্দ্র নাথ বর্মণ মুক্তিযোদ্ধা পরিবার হিসেবে সরকারি সুযোগ-সুবিধা পাওয়ার জন্য নিজের জন্মদাতা পিতার নামের স্থলে চাচা বীর মুক্তিযোদ্ধা ধীরেন্দ্র নাথ বর্মণের নাম সুকৌশলে ব্যবহার করে আসছেন। শুধু তাই নয় তার মাকে দিয়ে দীর্ঘদিন ধরে মুক্তিযোদ্ধা ভাতাও তুলে আসছিলেন।
চার ভাইয়ের মধ্যে তার ছোট ভাইয়ের এসএসসি রেজিষ্ট্রেশনে পিতার নামের স্থলে চাচা বীর মুক্তিযোদ্ধা ধীরেন্দ্র নাথ এর নাম ব্যবহার করায় তার আর নতুন করে সংশোধনী প্রয়োজন হয়নি। সবকিছু পরিকল্পনা মাফিকই চলছিলো, কিন্তু বিপত্তি বাঁধে মাঝের দুই ভাইয়ের নাম সংশোধনী করতে গিয়ে।
আজ ঠাকুরগাঁও জেলা নির্বাচন কার্যালয়ে নিজের ভাইদের ভুয়া তথ্য দিয়ে জাতীয় পরিচয়পত্র সংশোধনের সময় জেলা নির্বাচন অফিসার জিলহাজ উদ্দিনের নিকট বিষয়টি প্রথম খটকা লাগে। পরে তিনি যাচাই করে দেখেন তথ্য প্রদানকারি ভূল তথ্য উপস্থাপন করছেন, বিষয়টি তিনি সাথে সাথে সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুনকে অবগত করেন এবং তার পরামর্শে জেলা নির্বাচন অফিসে মিথ্যা তথ্য প্রদানকারি যুবককে আটক করেন।
পরে সদর উপজেলা নির্বাহী অফিসার পুলিশ নিয়ে জেলা নির্বাচন কার্যালয়ে গিয়ে আটক যুবক জগেন্দ্র নাথ বর্মণকে জিজ্ঞাসাবাদ করলে সে তার অপরাধ স্বীকার করে। এসময় সেখানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে সরকারি নির্দেশনা অমান্য করে মিথ্যা তথ্য উপস্থাপন করার অপরাধে তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন সদর ইউএনও।
সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুন জানান, সরকারি সুবিধা পেতে নিজের পিতার নাম বদলিয়ে বীর মুক্তিযোদ্ধা চাচার নাম ব্যবহার করার অপরাধে জগেন্দ্র নাথ বর্মণ নামে এক যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। পরবর্তীতে নির্বাচন কার্যালয়ের রিপোর্ট অনুযায়ী তার পরিবারের মুক্তিযোদ্ধা ভাতার বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।