ঠাকুরগাঁওয়ে এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগ, ধামাচাপা দেয়ার চেষ্টা

আব্দুল আউয়াল, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও শহরে হাজীপাড়া এলাকায় ইমরান আলী কোচিং সেন্টারে দ্বিতীয় শ্রেণির এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি ধামাচাপা দেয়ার চেষ্টা করছেন স্থানীয় মাতব্বররা। মঙ্গলবার বিকেলে এ ঘটনা ঘটে।

আহত শিক্ষার্থী রাকিব আল সামি (১০) শহরের কলেজপাড়া এলাকার সিরাজ উদ্দীনের ছেলে। সে ২য় শ্রেণির ছাত্র।

শিক্ষার্থীর বাবা সিরাজ উদ্দীন বলেন, মঙ্গলবার বিকেলে শহরের হাজীপাড়া এলাকায় ইমরান আলী কোচিং সেন্টারে ২য় শ্রেনির ছাত্র রাকিব আল সামি প্রাইভেট পড়তে যায়। এসময় রাকিব সহ বেশ কয়েকজন শিক্ষার্থীকে লাইনে দাড় করিয়ে রাখে কোচিং সেন্টারের শিক্ষক রুবেল এবং এক এক করে শিক্ষার্থীদের কোচিং সেন্টারের ভেতরে ঢোকানে হয়। কোচিং সেন্টারে রাকিবের ঢুকতে দেরি হলে শিক্ষক রুবেল তাকে বেধরক লাঠিপেটা করে আহত করে।

পরে স্থানীয়রা রাকিবকে আহত অবস্থায় উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। বুধবার দুপুরে হাসপাতাল থেকে শিক্ষার্থী রাকিবকে রিলিস করে দেয়া হয় বলে জানান তাঁর বাবা সিরাজ উদ্দীন।

নাম প্রকাশে অনিচ্ছুক হাজীপাড়ার বাসিন্দা বলেন, সরকারি নিয়মনীতি তোয়াক্কা না করে নিজের ইচ্ছে মত হাজীপাড়া এলাকায় নিজের বাড়ীতে সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ইমরান আলী ৩য় শ্রেণির ভর্তি কোচিং সেন্টার খুলেছেন। এ কোচিং সেন্টারে শিক্ষার্থীদের মারপিটের ঘটনা প্রায় সময় ঘটে।

ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও কোচিং সেন্টারের পরিচালক ইমরান আলী বলেন, কোচিং সেন্টার পরিচালনা করা যাবেনা সরকারিভাবে এমন কোন নির্দেশনা নেই। এজন্য তিনি নিজের বাড়ীতেই কোচিং সেন্টার পরিচালনা করছেন।

শিক্ষার্থী মারপিটের বিষয়টি তিনি স্বীকার করে বলেন, বিষয়টি সমাধানের চেষ্টা করা হচ্ছে।

শিক্ষক রুবেলের মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঠাকুরগাঁও সদর থানার ওসি মশিউর রহমান বলেন, খবর পেয়ে রাতেই পুলিশ শিক্ষার্থীর কাছ থেকে তথ্য সংগ্রহ করেছে। তবে এ ঘটনায় কেউ অভিযোগ করেনি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।