ল ঠাকুরগাঁওপ্রতিনিধিঃ দবিরুল ইসলাম অর্থের অভাবে আমন ধান রোপন করতে পারেননি। কিন্তু আমন ধানের ন্যায্যমূল্য পেয়ে খুশি অনেক কৃষক। তাই দবিরুল ভাবতে থাকেন- কীভাবে টাকা যোগাড় করে বোরো ধান রোপন করবেন। অবশেষে স্থানীয় এক এনজিওর কাছ থেকে ১৫ হাজার টাকা ঋণ নেন। সেই সঙ্গে দুটি গরু বিক্রি করে বোরো ধান আবাদ শুরু করেন। বোরো ধান বিক্রি করে এনজিওর ঋণ শোধ ও আবার গরু কেনার আশায় দিন-রাত ক্ষেতের পরিচর্যা করতে থাকেন। কিন্তু কয়েক দিন আগে হঠাৎ করে কষ্টের ধানের অধিকাংশই চিটা হয়ে যায়। শুধু দবিরুল ইসলামের ক্ষেতের এই অবস্থা নয়, ঠাকুরগাঁও জেলার প্রায় ২০ ভাগ কৃষকের ধানের একই অবস্থা।
কৃষি বিভাগ জানিয়েছে, দিনে গরম, রাতে ঠান্ডা, ঘন কুয়াশা, মেঘাচ্ছন্ন আকাশ, গুঁড়ি গুঁড়ি বৃষ্টি আর নাইট্রোজেনের পরিমাণ বেড়ে যাওয়ায় ঠাকুরগাঁওয়ে ব্রি-২৮ জাতের আগাম ধান আক্রান্ত হয়েছে ছত্রাকজনিত ‘নেক ব্লাস্ট’ রোগে।
আর কয় দিন পরেই ধানে কৃষকের ঘর আর আঙিনা ভরে যাওয়ার কথা থাকলেও ঠাকুরগাঁওয়ের কৃষকের মধ্যে বিরাজ করছে হতাশা। বিভিন্ন এনজিও সংস্থা থেকে টাকা ঋণ নিয়ে এখন তা পরিশোধ করার দুশ্চিন্তা পেয়ে বসেছে অনেক কৃষককে। ঋণের টাকা শোধ করার জন্য সরকারিভাবে সহযোগিতা চেয়েছেন ক্ষতিগ্রস্ত কৃষকরা।
কৃষকেরা কৃষি বিভাগ আর বালাইনাশক ডিলারদের পরামর্শে ছত্রাকনাশক স্প্রে করেও বাঁচাতে পারছে না ক্ষেতের ফসল। তবে কৃষি বিভাগ কৃষকের অভিযোগ অস্বীকার করে সামান্য পরিমাণ ক্ষেত ব্লাস্ট রোগে আক্রান্ত হওয়ার দাবি করছেন।
বেগুনবাড়ী নতুনপাড়া এলাকার প্রান্তিক কৃষক মজিবর রহমান অভিযোগ করে বলেন, “তার চার বিঘা জমির ব্রি-২৮ জাতের রোপা ক্ষেত সবল সতেজ হয়ে বেড়ে উঠেছে। ক্ষেতের গোছাও হয়েছে মজবুত। শীষ বের হওয়ার পর চিটায় পরিণত হতে থাকে ধানের শীষ। কৃষি বিভাগের উপ-সহকারী কৃষি কর্মকর্তার পরামর্শে ওষুধ এনে তিনবার স্প্রে করা হয়। কিন্তু তাতেও কাজ হয়নি। মাত্র তিন-চার দিনের মাথায় পুরো ক্ষেতের শীষ সাদা হয়ে যায়।’’ পরিবার পরিজন নিয়ে আগামী দিনগুলো কীভাবে কাটবে এই ভাবনায় দিশেহারা এই প্রান্তিক কৃষক।
আরো অনেক কৃষক জানিয়েছেন, তারা স্থানীয় এনজিও সংস্থার কাছ থেকে ঋণ নিয়ে ধান চাষ করেছেন। ধান বিক্রি করে ঋণ শোধ করবেন। কিন্তু এখন ক্ষেতে যে অবস্থা, তাতে তাদের পথে বসা ছাড়া উপায় নেই।
খোঁজ নিয়ে জানা গেছে, গোটা জেলার প্রায় ৬০ হাজার হেক্টর বোরো আবাদের মধ্যে ২০ ভাগ জমির ক্ষেতের একই চিত্র। ক্ষেতের ধানের শীষে কোনো দানা নেই। এ ছাড়া আক্রান্ত ধানের খড় গরু-মহিষও খাচ্ছে না। বেশির ভাগ ব্রি-২৮ জাতের ধানক্ষেত ব্লাস্ট রোগে আক্তান্ত।
সদর উপজেলার অধিকাংশ এবং বালিয়াডাঙ্গী, রাণীংশকৈল উপজেলার বহু এলাকাজুড়ে এই রোগ ছড়িয়ে পড়েছে। হতাশ কৃষকরা জানান, এমতাবস্থায় পরামর্শের জন্য মাঠ পর্যায়ের কৃষি কর্মকর্তাদেরও তারা পাচ্ছেন না।
ঠাকুরগাঁও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কে এম মাউদুদুল ইসলাম জানান, জেলায় ৬০ হাজার হেক্টর জমিতে বোরো ধান আবাদ করা হয়েছে। এর কিছু জমির ধান ব্লাস্ট রোগে আক্রান্ত হয়েছে। তবে ক্ষেত বাঁচাতে কৃষককে সার্বিক পরামর্শ দেওয়া
হচ্ছে।