টেস্ট ক্রিকেটে শেষ ম্যাচ খেলতে নামছেন আজহার

টেস্ট ক্রিকেটে শেষ ম্যাচ খেলতে নামছেন আজহার

টেস্ট থেকে অবসরের সিদ্বান্ত নিয়েছেন  গোলাপি বলের ম্যাচে প্রথম ট্রিপল সেঞ্চুরি করা পাকিস্তানের আজহার আলি। করাচিতে ইংল্যান্ডের বিপক্ষে আগামীকাল থেকে শুরু হতে যাওয়া সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটিই হবে  আজহারের ক্যারিয়ারের শেষ টেস্ট।

২০১০ সালে লর্ডসে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে টেস্ট অভিষেক হয় আজহারের। এখন অবধি ৯৬ টেস্টে ১৯টি সেঞ্চুরি ও ৩৫টি হাফ-সেঞ্চুরিতে ৭০৯৭ রান করেছেন তিনি। ২০১৬ সালে দুবাইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে গোলাপি বলের টেস্টে ৩০২ রানের অনবদ্য ইনিংস খেলেন আজহার। এটি তার ক্যারিয়ারের সর্বোচ্চ ইনিংস। গোলাপি বলের টেস্টেও প্রথম সেঞ্চুরি ও ট্রিপল সেঞ্চুরির নজির গড়েছিলেন আজহার।

ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে খেললেও, দ্বিতীয় ম্যাচে একাদশে সুযোগ হয়নি আজহারের। তৃতীয় ও শেষ টেস্টেও খেলার সুযোগ পাবেন কি-না, সেই নিশ্চয়তা নেই। পাকিস্তানের ষষ্ঠ খেলোয়াড় হিসেবে শততম টেস্ট খেলার সুযোগ ছিলো আজহারের। কিন্তু সেটি আর হচ্ছে না। নিজের অবসর নিয়ে আজহার বলেন, ‘সর্বোচ্চ পর্যায়ে দেশের প্রতিনিধিত্ব করাটা ছিল আমার জন্য বড় সম্মান ও সৌভাগ্যের। অবসরের  সিদ্ধান্ত সব সময়ই কঠিন। আমার মনে হয়েছে, টেস্ট থেকে বিদায়ের এটিই উপযুক্ত সময়।’ অধিনায়ক হিসেবে পাকিস্তানকে ৯ টেস্টে নেতৃত্ব দিয়েছেন আজহার। তার অধীনে ২টি জয়, ৪টি হার ও ৩টি ড্র করেছে পাকিস্তান।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Ovi Pandey
লেখক / প্রতিবেদক

Ovi Pandey

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।