দাম্পত্যকলহের জেরে টাঙ্গাইলের নাগরপুরে স্ত্রী রোজিনাকে পুড়িয়ে মারার অভিযোগ উঠেছে স্বামী জয়নাল আবেদীন বাবুর বিরুদ্ধে।
শুক্রবার (৩০ অক্টোবর) রাত এগারোটার দিকে অগ্নিদগ্ধ স্ত্রীকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজে হাসপাতালে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালের দিকে মারা যান তিনি।
নাগরপুর থানার ওসি (তদন্ত) বাহালুল খান বিষয়টি নিশ্চিত করে বলেন, কয়েক বছর আগে উপজেলার ভারড়া ইউনিয়নের রেহাই মীর কুটিয়া গ্রামের নওশের আলীর ছেলে মাটিকাটা শ্রমিক জয়নাল আবেদীন বাবুর সাথে সহবতপুর ইউনিয়নের কোকাদাইর গ্রামের মজের আলীর মেয়ে রোজিনা (২২) এর সাথে বিয়ে হয়। তাদের সংসারে জান্নাতুল নামের দেড় বছরের এক কন্যা সন্তান আছে। শুক্রবার রাতে স্বামী-স্ত্রীর মধ্যে দাম্পত্যকলহের সৃষ্টি হয়। পরে রাত ১১ টার দিকে অগ্নিদগ্ধ রোজিনাকে উদ্ধার করে স্বজন ও প্রতিবেশীরা ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।
এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য স্বামীকে আটক করেছে পুলিশ। নিহতের মরদেহ ময়নাতদন্তের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তদন্তকাজ চলমান। তদন্ত শেষে প্রকৃত ঘটনা জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।