ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের কালীগঞ্জ থানার আইন শৃংখলা পরিস্থিতির হঠাৎ করে চরম অবনতি ঘটেছে। সম্প্রতি তিন কলেজ ছাত্র অপহরণের পর তাদের গুলি বিদ্ধ লাশ উদ্ধার ও তিনটি ডাকাতির ঘটনায় জনমনে আতংক সৃষ্টি হয়েছে।
এদিকে মদ, গাজা, ফেন্সিডিলসহ আটকের পর অনেক নেশাখোরকে পুলিশ থানা থেকে টাকা নিয়ে ছেড়ে দিচ্ছে। এমনকি ওয়ারেন্টের আসামিকে আটক করে হাজতখানায় রাখার পর ৭ হাজার টাকার বিনিময়ে তাকে ছেড়ে দেয়া হয়েছে বলে অভিযোগও পাওয়া গেছে। এসব ঘটনায় সাধারণ জনগনের মনে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। পুলিশের দায়িত্ব পালনে অবহেলার কারনে ইদানিং বাসা-বাড়িতেও ডাকাতি বৃদ্ধি পেয়েছে।
গত ১২ দিনে তিনটি ডাকাতি সংঘটিত হয়েছে। এসব বাসা-বাড়ি থেকে ডাকাতরা নগদ, টাকা, স্বর্ণলংকার, সৌদি রিয়াল, পাসপোটসহ মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে গেছে। এ সময় ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে আব্দুল মালেক খান নামের এক গৃহকর্তা আহত হয়। তবে থানা পুলিশের রেকর্ডে অধিকাংশ ঘটনারই কোন মামলা দায়ের হয়নি। পুলিশ কৌশলে সেগুলি এড়িয়ে যায়।
সূত্র জানায়, যশোর সদর থানার চুড়ামনকাঠি নলডাঙ্গা গ্রামের ইদ্রিস আলী নামের এক ব্যক্তি কালীগঞ্জের ফয়লা গ্রামে বাড়ি নির্মাণ করে বসবাস করছিলেন। গত সোমবার দিবাগত রাতে ওই সৌদি প্রবাসীর বাড়িতে এক দুর্ধর্ষ ডাকাতি হয়। একদল ডাকাত ঘরের জানালার গ্রীল কেটে ভিতরে প্রবেশ করে। এ সময় বাড়ীর লোকজনকে ডাকাতারা অস্ত্রের মুখে জিম্মি করে আলমারি ভেঙ্গে নগদ ৭০ হাজার টাকা, ১০ ভরি স্বর্ণলংকার, ২৫শ সৌদি রিয়াল, বিদেশী টর্চ লাইন, পাসপোর্টসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়। এতে প্রবাসী ইদ্রিস আলীর সাড়ে ৬ লাখ টাকার মালামাল লুট হয়েছে বলে তিনি সাংবাদিকদের জানান।
এর ১২ দিন আগে গত ৫মে দিবাগত রাতে শহরের আড়পাড়া প্রমানিক পাড়ায় অপর একটি ডাকাতির ঘটনা ঘটে। ১০/১২ জনের ডাকাতদল আড়পাড়া প্রমানিক পাড়ার মাহামুদুল মনির ও আব্দুল মালেক মৌহরির বাড়িতে করে। ডাকাতরা একই সময়ে দুই বাড়ির লোকজনকে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ৫৫ হাজার টাকা ও ১৬ ভরি স্বর্ণলংকারসহ প্রায় ৯ লাখ টাকার মালামাল ডাকাতি করে নিয়ে যায়। ডাকাতি করতে বাধা দেয়ায় ডাকাতরা বাড়ির গৃহকর্ত্রা আব্দুল মালেকের মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে তার মাথা ফাটিয়ে দেয়।
এ ঘটনার পরদিন গত ৬ মে শহরের নলডাঙ্গা ভুষণ স্কুল পাড়ায় উপজেলা ছাত্র লীগের সভাপতি ইসরাইল হোসেনের ভাড়া বাসাতেও ডাকাতির ঘটনা ঘটে। ওই বাড়ি থেকে ডাকাতরা ৯৩ হাজার টাকা লুট করে নিয়ে যায় বলে জানাগেছে। তবে পুলিশ এটি ডাকাতি বলতে নারাজ। এসব ডাকাতি সংঘটিত হলেও পুলিশ এ ঘটনার সাথে জড়িত কাউকে আটক করতে পারেনি। পুলিশের গতানুগতিক বক্তব্য ডাকাতির ঘটনায় মামলা হয়েছে। পুলিশ আসামিদের গ্রেফতার করতে জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে।
অপরদিকে থানা পুলিশের বিরুদ্ধে ব্যাপক অর্থ বানিজ্যের অভিযোগ উঠেছে। বিভিন্ন সূত্রে প্রকাশ পুলিশ শহরের বিভিন্ন আবাসিক হোটেল থেকে কপোত-কপোতি বা নারী-পুরুষ আটক করে মোটা অংকের বিনিময়ে তাদের ছেড়ে দিচ্ছে। শুধু তাই নয় মাদক ব্যবসায়ীদের আটক না করে শুধুমাত্র দু’এক পুরিয়া গাজা, ইয়াবা ও ফেন্সিডিল খোরদের আটক করে নগদ নারায়নে তুষ্ঠ হয়ে ছেড়ে দেয়া হয়েছে। এসব কারনে সাধারণ জনগনের কাছে পুলিশের ভাবমূর্তি দারুনভাবে ক্ষুন্ন হচ্ছে।
অভিযোগে প্রকাশ, থানার বেশ কয়েকজন দারোগা সারাদিন বিভিন্ন স্থান থেকে মাদক সেবনের অভিযোগে রিক্সা-ভ্যান চালকসহ বিভিন্ন ব্যক্তিদের আটক করে থানা হাজতে আটকে রাখে। পরে গভীর রাতে তাদের সাথে চুক্তি করে মোটা অংকের টাকা নিয়ে ছেড়ে দেয়া হয়। এমন কি ওয়ারেন্টের আসামিকে আটকের পর তার কাছ থেকে ৭ হাজার টাকা নিয়ে ছেড়ে দেয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে।
কালীগঞ্জ থানার অফিসার-ইন-চার্জ (ওসি) আনোয়াার হোসেন এসব অভিযোগ অস্বীকার করে বলেন, পুলিশ মাদক ব্যবসায়ীদের গ্রেফতার ও মাদকদ্রব্য উদ্ধারের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। থানা থেকে ওয়ারেন্টের আসামি ছেড়ে দেয়ার বিষয়টিও তিনি অস্বীকার করেন। তিনি আরো জানান, প্রবাসীর বাড়িতে ডাকাতি নয়, চুরি হয়েছে। দু’ একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটতেই পারে।