ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জের সাধারন মানুষের জান মালের নিরাপত্তায় শহরটিতে শতাধিক সিসি ক্যামেরা স্থাপন কাজের শুভ সুচনা করা হয়েছে। শুক্রবার থেকে সিসি ক্যামেরার জন্য অপটিক্যাল ফাইবার তার স্থাপনের উদ্বোধন করেন কালীগঞ্জ থানার সেকেন্ড অফিসার এসআই ইমরান আলম। এ কাজের সহযোগিতা কল্পে সেখানে আরো উপস্থিত ছিলেন কালীগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক সাংবাদিক জামির হোসেন।
ফাইবার তার স্থাপনকারী টেকনিশিয়ান মুনতাজুর রহমান, মামুন সহ এ কাজের সহযোগিতা করতে এগিয়ে আসেন ডিস ব্যাবসায়ী শাহিনুর রহমান ও শচিন বাবু।
কালীগঞ্জ থানার এসআই ইমরান আলম জানান, প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে কালীগঞ্জ শহরকে সিসি ক্যামেরা স্থাপনের আদেশ দেওয়া হয়েছে। এ লক্ষ্যে কালীগঞ্জ থানা পুলিশের উদ্যোগে প্রায় মাসব্যাপী কর্ম পরিকল্পনা গ্রহন ও শহরের ব্যবসায়ী, জনপ্রতিনিধিদের নিয়ে মতবিনিময় সভা করা হয়। সভাতে স্থানীয়দের সম্পূর্ণ আর্থিক সহযোগিতায় প্রায় ১৮ লাখ টাকা ব্যয়ে শহরটিতে শতাধিক সিসি ক্যামেরা স্থাপনের সিদ্ধান্ত গৃহিত হয়। এরই ধারাবাহিকতায় ক্যামেরা স্থাপনের প্রাথমিক কাজ শুরু করা হয়েছে।
ইমরান আলম আরো জানান, কালীগঞ্জে সিসি ক্যামেরা স্থাপনার মাধ্যমে শহরের সকল গুরুত্বপূর্ণ স্থানের সার্বক্ষনিক ভিডিও ধারণ করা হবে। এতে ওই সকল স্থানে সংঘঠিত অপরাধমুলক কর্মকান্ডে জড়িত সন্ত্রাসী, মাদক ব্যাবসাযীদের চিহ্নিত করে তাৎক্ষনিকভাবে আইনগত ব্যবস্থা গ্রহন করা যাবে। শহরে চুরি ঠেকাতেও ব্যাপক ভুমিকা রাখবে এই সিসি ক্যামেরা। সব মিলিয়ে কালীগঞ্জের সাধারন মানুষের জান মালের নিরাপত্তা ও আইনশৃংখলা রক্ষায় এই সিসি ক্যামেরা একান্ত প্রয়োজন। উল্লেখ্য এ উদ্যোগটি বাস্তবায়নে আর্থিক সহযোগিতা সহ সার্বিক তত্ত্বাবধায়ন করছেন ঝিনাইদহ -৪ আসনের জাতীয় সংসদ সদস্য ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল আজীম আনার।



