মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা ও যুদ্ধের ফলে সৃষ্ট বৈশ্বিক পরিস্থিতি মোকাবিলায় বিদ্যুৎ ও জ্বালানি ব্যবস্থাপনায় বড় ধরনের সাশ্রয় পরিকল্পনা নিয়েছে সরকার। বিদ্যুৎ বিভাগের প্রণীত সমন্বিত কর্মকৌশলে প্রতিদিন প্রায় ৩ হাজার ১০০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
শুক্রবার (৩ এপ্রিল) মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে বৃহস্পতিবার (২ এপ্রিল) ঢাকায় জাতীয় সংসদ ভবনের মিডিয়া সেন্টারে মন্ত্রিসভা বৈঠক শেষে সাংবাদিকদের এ বিষয়ে ব্রিফ করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে জ্বালানি তেল, গ্যাস, বিদ্যুৎ ও সার খাতে সম্ভাব্য প্রভাব মোকাবিলায় স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনা এবং অর্থায়ন কৌশল পর্যালোচনা করা হয়েছে। বিদ্যমান পরিস্থিতিতে বিদ্যুৎ সাশ্রয়কে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিভিন্ন পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত হয়েছে।
পরিকল্পনা অনুযায়ী আগামী তিন মাস দেশব্যাপী সব ধরনের আলোকসজ্জা পরিহার করতে হবে। পাশাপাশি বিদ্যুৎ সাশ্রয় বিষয়ে জনসচেতনতা বাড়াতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমে প্রচার কার্যক্রম চালাবে। প্রয়োজন অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত পরিচালনার কথাও বলা হয়েছে।
সভায় সরকারি ও বেসরকারি অফিসের সময়সূচি সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের অফিস সময়ও সকাল ৯টা থেকে বিকেল ৪টা নির্ধারণ করা হয়েছে, আর ব্যাংকিং সেবা চলবে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। জরুরি সেবা ব্যতীত সব অফিস ভবন, বিপণিবিতান ও বাণিজ্যিক প্রতিষ্ঠান সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ করতে হবে।
কৃষি ও শিল্প খাতে জ্বালানির সরবরাহ অগ্রাধিকার ভিত্তিতে নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। বিশেষ করে সেচ কার্যক্রম সচল রাখা, সার উৎপাদন, মজুত ও সুষ্ঠু বিতরণ নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে খাদ্য উৎপাদন ও শিল্প প্রবৃদ্ধি ব্যাহত না হয়।
পরিবেশ দূষণ কমাতে পরিবেশবান্ধব নতুন ইলেকট্রিক বাস আমদানির প্রস্তাব অনুমোদন করা হয়েছে। নিবন্ধিত শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য এসব বাস শুল্কমুক্ত আমদানি করা যাবে এবং অন্যান্য ক্ষেত্রে সর্বসাকুল্যে ২০ শতাংশ শুল্ক নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে কালো ধোঁয়া নির্গমনকারী মেয়াদোত্তীর্ণ যানবাহন ধাপে ধাপে সড়ক থেকে অপসারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সরকারি ব্যয় কমাতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। প্রধানমন্ত্রী, মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা তাদের সরকারি গাড়ির জন্য মাসিক বরাদ্দকৃত জ্বালানির ৩০ শতাংশ কম ব্যবহার করবেন। সরকারি কর্মকর্তাদের গাড়ি ক্রয়ের জন্য সুদমুক্ত ঋণ প্রদান এবং সরকারি অর্থায়নে বিদেশ প্রশিক্ষণ সাময়িকভাবে বন্ধ থাকবে। অভ্যন্তরীণ প্রশিক্ষণ ব্যয় ৫০ শতাংশ কমানোর নির্দেশ দেওয়া হয়েছে।
এ ছাড়া সভা-সেমিনারে আপ্যায়ন ব্যয় ৫০ শতাংশ, সেমিনার ও কনফারেন্স ব্যয় ২০ শতাংশ এবং ভ্রমণ ব্যয় ৩০ শতাংশ কমানোর সিদ্ধান্ত হয়েছে। সরকারি খাতে গাড়ি, জলযান, আকাশযান ও কম্পিউটার ক্রয় আপাতত সম্পূর্ণ বন্ধ থাকবে। সরকারি কার্যালয়ে বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানির ব্যবহার ৩০ শতাংশ কমাতে বলা হয়েছে।
এদিকে আবাসিক ভবনের শোভাবর্ধন ব্যয় ২০ শতাংশ এবং অনাবাসিক ভবনের শোভাবর্ধন ব্যয় ৫০ শতাংশ কমানোর পাশাপাশি ভূমি অধিগ্রহণ ব্যয়ও সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সভায় ‘The Public Examinations (Offences) (Amendment) Act, 2026’-এর খসড়া নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।