বিশেষ প্রতিবেদকঃ বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যাপক হারুন-অর-রশিদ খানসহ ১০ জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। গার্মেন্টস শ্রমিকদের উসকানি দেওয়ার অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে করা মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়।
অপর আসামিরা হলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহকারী সাধারণ সম্পাদক লস্কর মুহাম্মদ তাসলিম, কেন্দ্রীয় কমিটির সদস্য আজহারুল ইসলাম, অ্যাডভোকেট জাকির হোসাইন, আবুল হাসেম, শফিকুল ইসলাম, তানভীর আহম্মেদ, বশির উদ্দিন, আবদুস সালাম ও মশিউর রহমান খান।
আজ মঙ্গলবার ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে মামলার তদন্ত কর্মকর্তা রমনা থানার পরিদর্শক মো. আলী হোসেন আসামিদের পাঁচদিনের রিমান্ড শেষে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। অপরদিকে তাঁদের পক্ষের আইনজীবী জামিনের আবেদন করেন।
আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর হাকিম সত্যব্রত শিকদার তাঁদের জামিনের আবেদন খারিজ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
সংশ্লিষ্ট আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) মাহমুদুর রহমান সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রিমান্ডে আসামিদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে এবং তা যাচাই বাছাই চলছে বিধায় জামিন নাকচের আবেদন করা হয়।
এর আগে গত ২৮ ডিসেম্বর ঢাকার মহানগর হাকিম আহসান হাবীব প্রত্যেককে পাঁচদিন করে রিমান্ডে নেওয়ার আদেশ দেন।
গত ২৭ ডিসেম্বর দুপুরে রাজধানীর মগবাজার এলাকা থেকে রিমান্ডকৃতদের গ্রেপ্তার করে পুলিশ। পরে তাঁদের বিরুদ্ধে রমনা থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করে পুলিশ।