× Banner
সর্বশেষ
চলুন দেখে নেওয়া যাক আজকের দিনে আপনার গ্রহ-নক্ষত্ররা কি বলছে – আজ ৯ই জুন মঙ্গলবারের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধিতে সহায়তার আগ্রহ ইউএনডিপির নির্বাহী ম্যাজিষ্ট্রেটের অভিযানে, মধুখালীতে বন্ধ হলো বাল্যবিবাহ সাংবাদিক আসাদকে আটকে আদালতে প্রেরণ: শার্শা থানায় সাংবাদিকদের প্রতিবাদ কালীগঞ্জে চাঁদা না পেয়ে সংখ্যালঘু সম্প্রদায়ের এক ব্যাক্তিকে কুপিয়ে জখম থানায় মামলা ইউপি সদস্য রিয়াজুল ইসলাম লিটনের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন বজ্রাঘাতজনিত প্রাণহানি কমাতে সচেতনতা ও প্রযুক্তিনির্ভর কার্যক্রম বাস্তবায়ন করছে সরকার ফেসবুকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সুযোগ আইনে নাই, শুধু অনুরোধ করা যায় – স্বরাষ্ট্রমন্ত্রী বেনাপোলে বিজিবি অভিযানে চোরাচালান পণ্য আটক 

জেলা পরিষদ সংশোধন বিল পাস

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০১৬

নিউজ ডেস্কঃ  জেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচন করতে চাইলে জেলা পরিষদের প্রশাসকদের বর্তমান পদ ছাড়তে হবে, এমন বিধানযুক্ত করে জেলা পরিষদ আইন সংশোধন বিল পাশ করেছে জাতীয় সংসদ।

স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন আজ বৃহস্পতিবার সংসদে এ সংক্রান্ত ‘জেলা পরিষদ (সংশোধন) বিল-২০১৬’ পাসের প্রস্তাব করলে তা কণ্ঠভোটে পাস হয়। এর আগে বিলের ওপর বিরোধী দল জাতীয় পার্টি ও স্বতন্ত্র সদস্যদের দেয়া জনমত যাচাই-বাছাই কমিটিতে পাঠানো এবং সংশোধনী প্রস্তাবগুলো কণ্ঠভোটে নাকচ হয়।

প্রসঙ্গত, বিলটি গত ২৯ অগাস্ট মন্ত্রিসভার অনুমোদন পায়। ওই সময় সংসদ অধিবেশন না থাকায় ৫ সেপ্টেম্বর এ সংক্রান্ত অধ্যাদেশ জারি করে সরকার। ওই অধ্যাদেশ বাতিল করে আইন করার জন্য বিলটি পাস করা হয়েছে।

বিলের উদ্দেশ্য ও কারণ সম্পর্কে স্থানীয় সরকার মন্ত্রীর বিবৃতিতে জেলা পরিষদে নির্বাচিত জনপ্রতিনিধির বিষয়ে জনআকাঙ্ক্ষার কথা বলা হয়েছে। নির্বাচিত প্রতিনিধি দ্বারা জেলা পরিষদগুলো পরিচালিত হলে জনগণের আশা-আকাঙ্খার সফল বাস্তবায়ন হবে। বিদ্যমান প্রেক্ষাপট বিবেচনায় এনে জেলা পরিষদ আইন সংশোধন করে যুগোপযোগী করার প্রয়োজনীয়তা দেখা দেয়ায় আইনটি সংশোধনের উদ্যোগ নেয়া হয়েছে।

এদিকে বিলটি সংসদে গত মঙ্গলবার স্থানীয় সরকার মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন উত্থাপন করলে তা পরীক্ষা করে একদিনের মধ্যে প্রতিবেদন দেয়ার জন্য স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়। সংসদীয় কমিটি বিলটি পরীক্ষা-নিরীক্ষা করে কিছু সংশোধনী আনেন। এরপর বিলটি সংসদে উত্থাপনের জন্য পাঠানো হয়। পরে এটি পাসের জন্য সংসদে উপস্থাপিত হলে কণ্ঠভোটে পাস হয়।

বিলে বলা হয়েছে, জেলা পরিষদের বর্তমান প্রশাসকরা নির্বাচন করতে চাইলে তাকে পদ ছাড়তে হবে। অর্থাৎ বর্তমান পদে বহাল থেকে কোনো জেলা পরিষদ চেয়ারম্যান জেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না। এ ছাড়া জেলা পরিষদের প্রতিনিধিদের শপথ নেয়ার সময় তাদের পরিচিতির জন্য পিতা বা স্বামীর নামের সাথে মায়ের নামও অন্তর্ভূক্ত করতে হবে। ২০০০ সালের জেলা পরিষদ আইনে পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সাময়িক বরখাস্তের বিধান ছিল না। পাস হওয়া বিলে আদালত কর্তৃক চেয়ারম্যান ও সদস্যদের বিরুদ্ধে ফৌজদারি মামলায় অভিযোগপত্র গৃহীত হওয়া সাপেক্ষে সাময়িক বরখাস্তের বিধান রাখা হয়েছে।

বিদ্যমান আইনে উপজেলা ভাইস চেয়ারম্যানদের জেলা পরিষদ নির্বাচনে ভোট দেয়ার সুযোগ ছিল না। এখন তারা ভোট দিতে পারবেন। এছাড়া নির্বাচন পরিচালনা এবং এ সংক্রান্ত বিধি-বিধান প্রণয়নের ক্ষমতা সরকারের পরিবর্তে এখন নির্বাচন কমিশনকে দেয়া হয়েছে।

বর্তমান আইনে জেলা পরিষদ নির্বাচনে কোনো প্রার্থী দুর্নীতি বা নির্বাচনী অপরাধ করলে সাত বছরের সাজার বিধান রয়েছে। আচরণবিধি ভঙ্গের দায়ে সর্বোচ্চ ৫০ হাজার টাকা অর্থদণ্ড অথবা সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ড বা উভয় দণ্ডের বিধান যোগ করা হয়েছে। বিদ্যমান আইনে নির্বাচন সম্পর্কিত বিরোধ নিষ্পত্তিতে সাব-জজ পদের কর্মকর্তার সমন্বয়ে ট্রাইব্যুনাল গঠনের বিধান রয়েছে। এখন ওই ট্রাইব্যুনালের নেতৃত্বে ‘যুগ্ম জেলা জজ’ রাখার বিধান রাখা হয়েছে। তিন পার্বত্য জেলা বাদে বাংলাদেশের ৬১টি জেলা পরিষদে ২০১১ সালের ১৫ ডিসেম্বর আওয়ামী লীগ নেতাদের প্রশাসক হিসেবে নিয়োগ দেয় সরকার।

তাদের মেয়াদপূর্তিতে আগামী ডিসেম্বরের মধ্যে জেলা পরিষদ নির্বাচন হওয়ার কথা রয়েছে।

বিলে বলা হয়েছে, ২১ সদস্যের জেলা পরিষদ হবে। এর মধ্যে একজন চেয়ারম্যান, ১৫ জন সদস্য ও পাঁচজন সংরক্ষিত মহিলা সদস্য থাকবেন।

সিটি করপোরেশনের মেয়র ও কাউন্সিলর, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান, পৌরসভার মেয়র ও কাউন্সিলর এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের ভোটে তারা নির্বাচিত হবেন।

আয়তন ও জনসংখ্যার ভিত্তিতে জেলা পরিষদকে ১৫টি ভাগ করা হয়েছে। একভাগে একজন করে সদস্য ও প্রতি তিনটি ভাগে একজন করে সদস্য সংরক্ষিত আসন বিবেচনায় নির্বাচিত হবেন।

বিলের ৬ ধারার ‘চ’ উপধারায় বলা হয়েছে, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য বর্তমান প্রশাসক এবং নির্বাচিত এমপিসহ অন্যান্যদের বর্তমান পদ থেকে পদত্যাগ করতে হবে।

আর ১০ (ক) ধারায় বলা হয়েছে, জেলা পরিষদের কোনো সদস্য ফৌজদারি মামলায় চার্জশিট প্রাপ্ত হলে তিনি বরখাস্ত হবেন।

বিলে বলা হয়েছে, জেলা পরিষদের নির্বাহী ক্ষমতা থাকবে চেয়ারম্যানের কাছে। তবে তার অনুপস্থিতিতে কাউন্সিলরদের মধ্যে থেকে একজন বা সরকারি কর্মকর্তারাও চেয়ারম্যানের দায়িত্ব পালন করতে পারবেন। সরকার গেজেট করে সরকারি কোনো কর্মকর্তাকেও এ দায়িত্ব দিতে পারবে।


এ ক্যটাগরির আরো খবর..