অমাবস্যার পর খালি চোখে সূর্যাস্তের পরপর নতুন চাঁদ দেখার জন্য নতুন চাঁদের বয়স কমপক্ষে ১৮ থেকে ২০ ঘণ্টার মধ্যে হতে হয়। পাশাপাশি সূর্য থেকে চাঁদের কৌণিক দূরত্ব ১০ থেকে ১২ ডিগ্রি থাকতে হয়। অমাবস্যার সময় চাঁদের বয়স শূন্য ধরা হয়।
এবার দেখি আমরা আসন্ন ঈদের দিন ঠিক করতে পারি কি না! এই ১৪৪৬ হিজরির রমজান মাসের শেষের অমাবস্যা শেষ হয়েছে ২৯ মার্চ(শনিবার) বিকেল ৫টা ১৯ মিনিটে। ১৮-২০ ঘন্টা পরে ৩০ মার্চ বাংলাদেশে সূর্যাস্তের পর ঈদের চাঁদ দেখা যাবে। তাই বাংলাদেশে ৩১ মার্চ ঈদ হওয়ার কথা।
চাঁদ একটি উপবৃত্তাকার পথে পৃথিবীর চতুর্দিকে ঘুরছে। চাঁদ যখন পৃথিবীর খুব কাছ দিয়ে প্রদক্ষিণ করে, তখন তার গতি বৃদ্ধি পায় আবার যখন দূর দিয়ে প্রদক্ষিণ করে, তখন গতি থাকে মন্থর। যখন পৃথিবীর নিকট দিয়ে প্রদক্ষিণ করে তখন সর্বনিম্ন ১৭ ঘণ্টা চাঁদের বয়স না হলে চাঁদ দেখা সম্ভব নয়। আর চাঁদ যখন পৃথিবীর দূর দিয়ে প্রদক্ষিণ করে তখন ২৩ ঘণ্টার পুরনো চাঁদও অনেক সময় দেখতে পাওয়া যায় না।
একমাত্র অমাবস্যার সময় চাঁদ সূর্য ও পৃথিবীর মাঝে মোটামোটিভাবে একই রেখা বরাবর অবস্থান করে। পৃথিবীর চারদিকে চাঁদের ঘূর্ণন গতির দরুন চাঁদ তার অবস্থান থেকে দূরে সরে যেতে থাকে। পৃথিবী পৃষ্ঠের একজন দর্শক যদি তার চোখ থেকে সূর্যে এবং চাঁদে দুটো রেখা কল্পনা করে তবে এই রেখাদ্বয় দর্শকের চোখে যে কোণ তৈরী করবে সেটাই হবে চাঁদ-সূর্যের কৌণিক দূরত্ব। এই কৌণিক দূরত্বকে ইংরেজীতে Elongation বা Angular Separation বলা হয়।
অমাবস্যার সময় চাঁদ-সূর্যের কৌণিক ব্যবধান শুন্য ডিগ্রি। অমাবস্যার সময় চাঁদ যত সরে আসতে থাকে সূর্যের সাথে তার কৌণিক ব্যবধানও বাড়তে থাকে। সাধারণত ৯ ডিগ্রীর বেশী (৯-১২ ডিগ্রী ) হলে তারপর চাঁদ দৃশ্যমান হয়। তবে বর্তমানে বায়ুমন্ডলের দূষণ, আলোর দূষণ এবং ধূলাবালির কারণে চাঁদ সূর্য থেকে ১০-১০.৫ ডিগ্রী পর্যন্ত সরে আসলে তারপর চাঁদ দৃশ্যমান হয়। অমাবস্যার পর এই পরিমাণ কোণ তৈরী করতে চাঁদের সময় লাগে প্রায় ১৭ থেকে ২৩ ঘণ্টা।