× Banner
সর্বশেষ
দেশের প্রাকৃতিক দুর্যোগের সর্বশেষ তথ্য এবং উপদ্রুত এলাকায়  আশ্রয় ও ত্রাণ কার্যক্রম বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়: তথ্য ও সম্প্রচার মন্ত্রী দেশের প্রাকৃতিক দুর্যোগের সর্বশেষ তথ্য এবং উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সরকারের গৃহীত কার্যক্রম শিক্ষা ও কারিগরি খাতে বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী সিঙ্গাপুর বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতাদের সাক্ষাৎ মধুখালীতে শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট সভাপতি ও ইউনিট লিডারদের সাথে মতবিনিময় সভা যখনই বাংলাদেশের জনগণ বিপদে পড়েছে, চীন পাশে দাঁড়িয়েছে – ইয়াও ওয়েন দিল্লি বিক্ষোভের পর মোদি সরকারের কাছে রাহুল গান্ধীর ৫ দফা দাবি

জীবননাশের আশংকায় মন্দিরের পুরোহিত-সেবায়েতরা

admin
হালনাগাদ: রবিবার, ৩ জুলাই, ২০১৬

বিশেষ প্রতিবেদকঃ সারাদেশ জুড়ে একের পর এক সংখ্যালঘু ধর্মাবলম্বীদের ওপর হামলা চলছেই। এর ফলে উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে নরসিংদীর ১২০টি মন্দিরের পুরোহিত-সেবায়েতরা। পরিস্থিতি স্বাভাবিক রাখতে সচেতনতা সৃষ্টিতে উদ্যোগী হয়েছে জেলা পুলিশ।

জেলা পূজা উদ্যাপন পরিষদ সূত্রে জানা যায়, নরসিংদীর ছয়টি উপজেলায় ১২০টি সর্বজনীন স্থায়ী মন্দির রয়েছে। মন্দিরগুলোতে প্রতিদিন পূজা-অর্চনা করা হয়।

নরসিংদী শহরের পশ্চিম কান্দাপাড়া এলাকার শ্রী গুরু আশ্রম। আশ্রমে পূজা-অর্চনার পাশাপাশি পুরোহিত ও তত্ত্বাবধায়ক দুজনই পরিবার নিয়ে বসবাস করেন। গতকাল দুপুরে কথা হয় আশ্রমের তত্ত্বাবধায়ক রঞ্জিত কর্মকারের সঙ্গে। তিনি বলেন, চারপাশের ঘটনার কারণে আমাদের ভয়ভীতি বেড়ে গেছে। এই পরিস্থিতিতে আমরা সতর্ক হয়ে চলাচল করছি। তবে বাইরের ছেলেরা প্রায়ই মন্দিরে ঢুকে উৎপাত করে। এখন কারা কী মানসিকতা নিয়ে ভেতরে ঢোকে আমরা কিভাবে বুঝব? তাদের নিষেধ করলে কথা  শোনে না।

নরসিংদী শহরের পাশেই বিখ্যাত শ্রীশ্রী চিনিশপুর কালী মন্দির। প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা ভিড় জমায় মন্দিরটিতে। এতে সারাক্ষণই মুখর থাকে মন্দির প্রাঙ্গণ। তবে সাম্প্রতিক সময়ে সংখ্যালঘু ধর্মাবলম্বীদের ওপর হামলার পরই কিছুটা পাল্টেছে পরিবেশ। মন্দিরের পুরোহিত তাপস গোস্বামী বলেন, আমার পূর্ব পুরুষদের হাত ধরে আমি মায়ের পূজা করার সৌভাগ্য পেয়েছি। মায়ের কৃপায় কোনো দিন আমাদের কোনো সমস্যায় পড়তে হয়নি। মহল্লার লোকজনও আমাকে অনেক ভালোবাসে। সবাই বলছে সতর্ক থাকতে। তাই এখন আর একা মন্দিরে যাতায়াত করি না।

দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘু ধর্মাবলম্বীদের ওপর হামলার পর আলাদাভাবে হিন্দু সম্প্রদায়ের লোকজনের মধ্যে গণসচেতনতা সৃষ্টি করতে সভা করেছে জেলা পুলিশ ও নরসিংদী পৌরসভা। সভাগুলোতে নিরাপত্তা জোরদার করতে মন্দির এলাকায় ক্লোজ সার্কিট ক্যামেরা স্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে মন্দিরের দায়িত্বে থাকা পুরোহিত ও সেবায়েতদের নিরিবিলি পরিবেশে না থাকার জন্য এবং একা একা না চলাচলের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে ভোরে চলাফেরা না করতে এবং মন্দির এলাকায় অপরিচিত লোকজনের আনাগোনা দেখলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাতে বলা হয়েছে। মন্দির এলাকায় বাড়ানো হয়েছে পুলিশি টহল ও গোয়েন্দা তত্পরতা।

জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি রঞ্জিত কুমার সাহা বলেন, আমরা মন্দির এলাকায় নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা বাড়াতে ও সবাইকে সতর্কভাবে চলাচল করার জন্য নির্দেশ দিয়েছি।

পুলিশ সুপার আমেনা বেগম বলেন, নরসিংদীর সার্বিক পরিস্থিতি ভালো। তবুও যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে আমরা প্রস্তুত। পুলিশি ব্যবস্থার পাশাপাশি সবার মধ্যে সচেতনতা সৃষ্টিতে উদ্যোগ নেওয়া হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..