সারাবিশ্বে ওমিক্রন দেখা দিচ্ছে, সেজন্য সবাইকে অনুরোধ করব, কোভিড-১৯ এর টিকা নেওয়ার পাশাপাশি সবাই স্বাস্থ্যবিধি মেনে চলুন। ওমিক্রনে শিশুরা বেশি সংক্রমিত হচ্ছে। সেজন্য আমরা ১২ বছর বয়স থেকে শিশুদের টিকা দেওয়ার ব্যবস্থা করছি। সবাইকে অনুরোধ করবো, আপনারা ভয় না পেয়ে টিকাটা নিয়ে নেন। টিকা নিয়ে নিলে অন্তত জীবনটা রক্ষা পাবে। বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ রোববার (৯ জানুয়ারি) বিভাগীয় আটটি শহরে সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ১০০ শয্যাবিশিষ্ট পূর্ণাঙ্গ ক্যানসার চিকিৎসাকেন্দ্র স্থাপন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।
বিশ্বব্যাপী করোনার নতুন ধরন ‘ওমিক্রন’ হু হু করে বাড়ছে। বাংলাদেশেও এখন পর্যন্ত ২১ জনের শরীরে ওমিক্রন ধরা পড়েছে। এ অবস্থায় দেশের মানুষকে নতুন এই ভ্যারিয়েন্টের বিষয়ে সতর্ক করেপ্রধানমন্ত্রী বলেন, এই অতিমারীকে যেভাবেই হোক আমাদের মোকাবিলা করতে হবে। এজন্য মানুষের মাঝে সচেতনতা সৃষ্টি করতে হবে। ’ এ সময় স্বাস্থ্যখাতে সরকারের নেওয়া বিভিন্ন উন্নয়ন কাজের পাশাপাশি এ সেক্টরে সফলতার কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, শীতকালে করোনার প্রাদুর্ভাব বাড়ে। এই সময়ে সাধারণত এমনি আমাদের দেশে সর্দি-কাশিরও প্রকোপ বাড়ে। সেদিকে লক্ষ্য রেখে সবাই মাস্কটা ব্যবহার করবেন। খুব বেশি বড় কোনো সমাগমে যাবেন না, সেখান থেকে নিজেকে সুরক্ষিত রাখবেন। আর যেন বড় কোনো সমাবেশ না সেদিকেও লক্ষ্য রাখবেন। স্বাস্থ সুরক্ষাবিধি সবাই মেনে চলবেন।