জাতীয় চলচ্চিত্র পুরস্কারের সোনার মেডেলে মরিচা!

চলচ্চিত্র ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার’ প্রদান করা হয়। একজন শিল্পীর জীবনে এই পুরস্কার বিশেষ সম্মান ও গৌরবের। পুরস্কারের স্বীকৃতি স্মারক হিসেবে দেয়া হয় সোনার মেডেল।

সেই মেডেলে খাঁটি সোনা দেয়া হয় না বলে অভিযোগ উঠেছে। একাধিক পুরস্কারপ্রাপ্তদের সোনার মেডেলে মরিচা পড়েছে বলে জানা গেছে। অথচ খাঁটি সোনা হলে কোনোভাবেই মরিচা পরার কথা নয় বলে সোশ্যাল মিডিয়ায় মন্তব্য করেছেন অনেকেই।

তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (চলচ্চিত্র ও প্রশাসন) আজহারুল হক বলেন, ‘সোনার মেডেলে মরিচা পড়ার কোনও অভিযোগ আমাদের কাছে আসেনি। এমনটা যদি হয়ে থাকে তবে সেটা দুঃখজনক। বিষয়টি আমরা খতিয়ে দেখবো।’

‘সূর্য দীঘল বাড়ি’ও ‘দহন’ছবির জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন পরিচালক শেখ নিয়ামত আলী। এছাড়া ১৯৯৫ সালে ‘অন্য জীবন’ ছবির জন্য এই পরিচালক তিনটি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। গুণী এই পরিচালকের জাতীয় চলচ্চিত্র পুরস্কারের সোনার ট্রফি ও মেডেলে মরিচা পরেছে বলে অভিযোগ করেছেন তার মেয়ে শর্বরী ফাহমিদা।

শর্বরী ফাহমিদা বিস্ময় প্রকাশ করে বলেন, ‘সোনার মেডেলে কীভাবে মরিচা পড়ে!’

উল্লেখ্য, পরিচালক শেখ নিয়ামত আলী মারা গেছেন দেড় দশক আগে। এখন তার মেয়ে শর্বরী আহমেদের কাছে রয়েছে এই পরিচালকের সোনার মেডেল।

জাতীয় চলচ্চিত্র পুরস্কারে দশবার সেরা চিত্রগ্রাহকের সম্মাননা অর্জন করেছেন মাহফুজুর রহমান খান। আলমারিতে থাকা এসব সোনার মেডেলের তিনটিতে মরিচা পড়েছে বলে জানা গেছে।তথ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ব্রোঞ্জের ট্রফি, সম্মাননা ও ক্রেস্টের পাশাপাশি ১৮ ক্যারেটের সোনার মেডেল প্রদান করা হয় সরকারের পক্ষ থেকে। সোনার মেডেলের ওজন ১৫ গ্রাম থাকে। কিন্তু সেখানেই রয়েছে শুভঙ্করের ফাঁকি। এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলছে নানা রকম সমালোচনা।

চলচ্চিত্র ব্যক্তিত্ব এবং ‘মিয়া ভাই’-খ্যাত অভিনেতা ফারুক আরটিভি অনলাইনকে বলেন, ‘এই বিষয়টি নিয়ে আমি বিস্তারিত কিছু জানি না। তবে সোনার মেডেলে মরিচা পড়ার কথা নয়। এমনটা যদি হয়ে থাকে তবে সেটা খুবই দুঃখজনক। সোনার মেডেল সবার ভাগ্যে জুটে না। যারা এটা অর্জন করেন, তারা স্মৃতি হিসেবে এটাকে সংরক্ষণ করেন। বিষয়টির সুষ্ঠ তদন্ত আশা করছি।’প্রসঙ্গত, আগামী ৮ জুলাই ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চলতি বছরের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গুণী ব্যক্তিদের হাতে পুরস্কার তুলে দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবছর আজীবন সম্মাননা পাচ্ছেন অভিনেতা ফারুক ও অভিনেত্রী ববিতা।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।