জাজিরার পাথালিয়া কান্দির যোগাযোগ মাধ্যম দুটি বিদ্যুতের খুঁটি

সৈকত দত্ত, শরীয়তপুর ॥ শরীয়তপুরের জাজিরা উপজেলা শহরের সাথে পদ্মা নদীর তীরবর্তী এলাকার পাথালিয়া কান্দির একমাত্র যোগাযোগ মাধ্যম দুটি বিদ্যুতের খুঁটি। পদ্মা নদীর ভাঙ্গন কবলিত তীরবর্তী এলাকায় অবস্থিত পাথালিয়া কান্দি তাই নতুন কোন স্থাপনা নির্মাণে পরিকল্পনা নাই স্থানীয় সরকার প্রকৌশলী বিভাগের। পায়ে হেটে চলতে হয় মাইলের পর মাইল তাই চরম ভোগান্তির শিকার এলাকাবাসী। পাশাপাশি বিদ্যালয়ের ক্যাচমেন্ট এরিয়া পদ্মায় বিলিন ও যোগাযোগ ব্যবস্থা ঝুঁকিপূর্ণ হওয়ায় শিক্ষার্থী কমতে শুরু করেছে।

সরেজমিন গিয়ে জানা যায়, জাজিরা শহর থেকে প্রায় ৬ কিলোমিটার দূরে পদ্মার তীরবর্তী ভাঙ্গন কবলিত একটি এলাকা পাথালিয়া কান্দি। গত বর্ষা মৌসুমে পাথালিয়া কান্দির বৃহত্তর অংশ পদ্মায় বিলীন হয়ে গেছে। উপজেলা শহরের সাথে যোগাযোগ মাধ্যম পাথালিয়া কান্দির ইটের সোলিং সড়ক বর্ষার পানিতে প্লাবিত হয়। শ্রোতের সাথে সড়কের ইট ভেসে গেছে পদ্মায়। সেতুর দুই পাশের সংযোগ সড়ক বিলিন হয়ে যায় বন্যার পানির সাথে। সেই থেকে ভোগান্তির অন্ত নাই পাথালিয়া কান্দিবাসীর। সেই সাথে ভোগান্তিতে পাথালিয়া কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।

পাথালিয়া কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী জান্নাত, চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী মুক্তা, ছুমাইয়া ও পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী শাহীন আলম জানায়, পদ্ম নদীর তীরবর্তী তাদের স্কুল। পদ্মার গর্জন, শ্রোত ও ভাঙ্গন আতঙ্কে সময় কাটে তাদের। তার পরেও বিদ্যুতের খুঁটি বেয়ে সেতু পাড় হতে হয়। ঝড়-বৃষ্টি না থাকলে বিদ্যালয়ে আসে তারা। আকাশের অবস্থা খারাপ থকলে ম্যাডামরাই বিদ্যালয় ছুটি দিয়ে চলে যায়।

জাজিরা গার্লস কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী বিনা জানায়, বর্ষার সময় তিনি জাজিরা তার আত্মীয়ের বাড়িতে থেকে ক্লাশ করে। এখন রাস্তাঘাট শুকনো তাই মাঝে মধ্যে বাড়ি আসে। দূর্বাডাঙ্গা বাজার পর্যন্ত অটোবাইকে এসে পায়ে হেটে পাথালিয়া কান্দিও বাড়ি যেতে হয়। সেতুর সংযোগ সড়কে বিদ্যুতের খুঁটি বেয়ে পাড় হওয়া খুবই ঝুঁকি।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফেরদৌসী বেগম বলেন, বিদ্যালয় ক্যাচমেন্ট এরিয়ার বেশীর ভাগই পদ্মায় বিলীন হয়ে গেছে। শিক্ষার্থী কমে দাড়িয়েছে ১শত জনে। গত বর্ষার পূর্বেও বিদ্যালয়ের সামনে গাড়ি যেত। এখন প্রায় দুই কিলোমিটার ভাঙ্গা রাস্তা ও ঝুঁকিপূর্ণ সেতু দিয়ে বিদ্যালয়ে যাতায়াত করতে হয়। বর্তমান অবস্থায় পড়াশুনার পরিবেশ নাই।

স্থানীয় সরকার প্রকৌশলী বিভাগ উপজেলা প্রকৌশলী বিমলেন্দু সরকার বলেন, বিধি অনুযায়ী ভাঙ্গন কবলীত ১ কিলোমিটারের মধ্যে কোন পাকা স্থাপনা করা যাবে না। ঝুঁকিপূর্ণ সেতুটি ভাঙ্গন কবলিত এলাকার খুব নিকটে তাই মেরামত করার সুযোগ নাই।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।