বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনের সংসদ সদস্য জহির উদ্দিন স্বপনকে পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে। প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে মন্ত্রী পদমর্যাদায় দায়িত্ব পাওয়ার পর এবার সংসদীয় স্থায়ী কমিটির গুরুত্বপূর্ণ এই দায়িত্ব পেলেন তিনি। নতুন দায়িত্বে স্বপনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে স্বস্তি।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) জাতীয় সংসদের অধিবেশনে প্রধানমন্ত্রীর পক্ষে চিফ হুইপ নূরুল ইসলাম মনি জহির উদ্দিন স্বপনকে পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি করার প্রস্তাব উত্থাপন করেন। পরে কণ্ঠভোটে প্রস্তাবটি অনুমোদন করেন সংসদ সদস্যরা।
এর আগে এই সংসদীয় কমিটির সভাপতির দায়িত্বে ছিলেন আবদুল মঈন খান। তিনি স্থানীয় সরকারমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর কমিটির সভাপতির পদটি শূন্য হয়। সেই শূন্য পদেই এবার জহির উদ্দিন স্বপনকে দায়িত্ব দেওয়া হলো।
মন্ত্রিসভা থেকে সরে যাওয়ার পর নতুন দায়িত্ব
বরিশাল-১ আসনের সংসদ সদস্য জহির উদ্দিন স্বপনকে সম্প্রতি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে সরিয়ে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা করা হয়। একই সঙ্গে তিনি মন্ত্রী পদমর্যাদা পেয়েছেন।
মন্ত্রণালয়ের দায়িত্ব পরিবর্তনের পর তার নির্বাচনি এলাকার নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে কিছুটা হতাশা এবং মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছিল। তবে পরপর নতুন দুটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ায় সেই পরিস্থিতিতে পরিবর্তন এসেছে বলে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে আলোচনা চলছে।
নেতাকর্মীদের মধ্যে স্বস্তি
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পাওয়ার পাশাপাশি এবার পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব পাওয়ায় জহির উদ্দিন স্বপনের রাজনৈতিক গুরুত্ব আরও বেড়েছে বলে মনে করছেন তার অনুসারীরা।
নতুন দায়িত্ব পাওয়ার খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমেও তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছেন দলীয় নেতাকর্মী ও সমর্থকেরা। তারা আশা করছেন, নতুন দায়িত্বের মাধ্যমে বরিশাল-১ আসনের উন্নয়ন ও বিভিন্ন জাতীয় ইস্যুতে জহির উদ্দিন স্বপন আরও কার্যকর ভূমিকা রাখতে পারবেন।

