আমাদের দেশ স্বাধীন-সার্বভৌম। আমরা ছোট দেশ হতে পারি কিন্তু আমাদের বিপুল জনসংখ্যা আছে। আমরা জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করেছি। কে কি বলল না বলল এটা নিয়ে আমি বদার করি না (মাথা ঘামাই না)। বাংলাদেশ হচ্ছে একটা সার্বভৌম রাষ্ট্র। আর জনগণ আমাদের মূল শক্তি। আর কে কি করবে না করবে সেটা নিয়ে আমাদের মাথা ব্যথা নাই। বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টার দিকে ঢাকা সিটি কলেজ কেন্দ্রে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট দেওয়ার পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
শেখ হাসিনা বলেন, আশা করি দেশের সকল মানুষ ভোট কেন্দ্রে যাবেন, ভোট দিতে যাবেন। আপনার অধিকার আপনি প্রতিষ্ঠিত করবেন। বাংলাদেশে গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখবেন। যা বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়ন এনে দেবে।
তিনি বলেন, দেশের মানুষ তাদের ভোট সম্পর্কে সচেতন হয়েছে নির্বাচনটা যে একান্ত ভাবে জরুরি। কারণ ৫ বছর শেষ করার পর একটা নতুন সরকার আসবে। জনগণ তার ইচ্ছেমতো ভোট দেবে। আর সেই ভোট দেওয়ার পরিবেশটা আমরা তৈরি করতে পেরেছি।
জনগণের সমর্থন নিয়ে আওয়ামী লীগ আবার সরকার গঠন করবে আশা প্রকাশ করে শেখ হাসিনা বলেন, আমি সব সময় আত্মবিশ্বাসী, কারণ আমি জানি আমার জনগণ আমার সঙ্গে আছে। ইনশাল্লাহ আমরা জয় লাভ করব। এ বিষয়ে কোনো সন্দেহ নাই। আমাদের জনগণ নৌকার জন্য ভোট দেবে।
বিএনপি-জামায়াত জোটের নির্বাচন বয়কট প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, বিএনপি একটা সন্ত্রাসী দল। তারা কখনও নির্বাচনেই বিশ্বাস করে না। বিএনপি প্রতিষ্ঠা হয়েছে; একটা মিলিটারি ডিকটেটর সংবিধান লঙ্ঘন করে, সেনা আইন লঙ্ঘন করে, অবৈধভাবে ক্ষমতা দখল করার পর বিএনপি দল গঠন করেছে।
তিনি বলেন, এরা তো আসলে ভোট কারচুপি, সিল মারা আর মানুষের ভোট কেড়ে নেওয়া এটাই তাদের চরিত্র এবং সেই সুযোগটা তারা পাচ্ছে না। তাছাড়া ২০০৮ সালের নির্বাচন নিয়ে তো কেউ কোনো অভিযোগ করতে পারেনি। যে নির্বাচনে বিএনপি জোট ৩০০ আসনের মধ্যে সিট পেয়েছিল মাত্র ৩০টি। আর আওয়ামী লীগ একক ভাবে সিট পেয়েছিল ২৩৩টি। এরপর থেকে বিএনপি নির্বাচনের বিরুদ্ধে।
আওয়ামী লীগ সভাপতি বলেন, ওদের (বিএনপি) জন্মলগ্ন থেকেই ভোট কারচুপি, সিল মারা, হ্যাঁ-না ভোট, ভোটের অধিকার নিয়ে ছিনিমিনি খেলা এটাই তাদের চরিত্র। সেটা করতে পারবে না বলেই তারা নির্বাচনে আসে না।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানা, শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ হোসেন পুতুল, শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি।
এর আগে সকাল ৮টার ৩ মিনিটে রাজধানীর ঢাকা সিটি কলেজ কেন্দ্রে তার ভোটাধিকার প্রয়োগ করেন শেখ হাসিনা। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানমন্ডি সুধাসদনের ঠিকানায় ভোটার হওয়ায় তিনি এ কেন্দ্রে ভোট দেন। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ হোসেন পুতুলও তার ভোটাধিকার প্রয়োগ করেন।