মাগুরা প্রতিনিধিঃ ইসলামের নামে জঙ্গীবাদি কর্মকান্ড ইসলামের সাথে শত্রুতারই নামান্তর। ইসলাম কখনো জঙ্গীবাদ সমর্থন করে না। মানুষ খুন করা সমর্থন করে না। আল কোরআনের মতে এজন নিরীহ মানুষকে খুন করা, গোটা মানবজাতিকে খুন করার সামিল। তাই যেসব জঙ্গীরা ইসলামের নামে দেশকে-বিশ্বকে অস্থিতিশীল করছে তারা ইসলামের শত্রু।
বাংলাদেশ কওমী মাদ্রাসা শিক্ষা বোর্ড (বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ) মাগুরা জেলা শাখার উদ্যোগে আজ বৃহস্পতিবার (১সেপ্টেম্বর) শহরে মানববন্ধন ও সমাবেশ থেকে এসব কথা বলেন জেলার কওমী মাদ্রাসা বোর্ডের নেতৃবৃন্দ ।বেলা ১২টায় মাগুরা প্রেসক্লাবের সামনে থেকে অনুষ্ঠিত মানববন্ধনে জেলার ৪০টি মাদ্রাসার প্রায় ১হাজার ছাত্র অংশগ্রহণ করে। মানববন্ধন শেষে সংগঠনের মাগুরা জেলা শাখার সভাপতি মাওলানা আমজাদ হুসাইনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক জাবের বিন মুহসিন, শাহ সাইফুল্লাহসহ অন্যরা।
সমাবেশ থেকে বক্তারা আরো বলেন – ইসলাম কখনোই জঙ্গীবাদ সমর্থন করে না। ইসলামে জঙ্গীবাদ সম্পূর্ণ হারাম। তারা ইসলাম বাঁচাতে জঙ্গীবাদকে না বলার আহবান জানান। পরে দেশ ও জাতীর মঙ্গল কামনা করে দোয় ও মোনাজাতের মধ্য দিয়ে মানববন্ধন শেষ হয়।