ঢাবি ছাত্রী ধর্ষণে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়া হবে -স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ধর্ষণের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়া হবে। বললেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

সোমবার রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে পুলিশ সপ্তাহের অংশ হিসেবে আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইন প্রয়োগকারী সংস্থা ঘটনার তদন্ত করছে। খুব শিগগির জড়িতদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

রোববার বিকেল সাড়ে ৫টার দিকে শেওড়া যাওয়ার উদ্দেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাসে ওঠেন ওই ছাত্রী। সন্ধ্যা ৭টার দিকে কুর্মিটোলায় বাস থেকে নামার পর অজ্ঞাত ব্যক্তিরা তাকে পার্শ্ববর্তী একটি স্থানে নিয়ে যায়। সেখানে তাকে অজ্ঞান করে ধর্ষণ করা হয়। রাত ১০টার দিকে জ্ঞান ফিরলে তিনি নিজেকে নির্জন স্থানে আবিষ্কার করেন।

রোববার গভীর রাতে সহপাঠিদের সহায়তায় ওই ছাত্রীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। তাকে হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে। ওই ছাত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি হলের আবাসিক শিক্ষার্থী। এদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক চিকিৎসক বিভাগীয় প্রধান সোহেল মাহমুদ জানান, ওই ছাত্রীর শরীরে ধর্ষণের আলামত পাওয়া গেছে।

ধর্ষক একাধিক কিনা তার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। তার গলায় নখের আঘাত পাওয়া গেছে। তিনি বলেন, ওই শিক্ষার্থীর পায়েও আঘাতের চিহ্ন আছে। সেগুলো ধস্তাধস্তির চিহ্ন হতে পারে বা আশপাশের গাছের ডালপালায় লেগেও এমন হতে পারে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।