অর্ক গাঙ্গুলী, ভারত প্রতিনিধিঃ ভারতের ছত্তিসগড়ের সুকমায় ভয়াবহ মাওবাদী হামলায় নিহত ১৭ জওয়ান, আহত১৪। পুলিশ নিহতদের লাশ উদ্ধার করেছে।
রবিবার ছত্তিসগড় পুলিশের ডিরেক্টর জেনারেল দুর্গেশ মাধব দি নিউজের প্রতিনিধিকে জানান, স্পেশাল টাস্ক ফোর্সের একটি দল টহল দিচ্ছিল সুকমার জঙ্গলে। উভয়পক্ষের মধ্যে ওই সংঘর্ষে ওই হতাহতের ঘটনা ঘটে।
নিহত জওয়ানদের মধ্যে এসটিএফ ও ডিআরজি জওয়ান রয়েছে। নিহত ১৭ জওয়ানের মধ্যে ১২ জনই ডিসট্রিক্ট রিজার্ভ গার্ড (ডিআরজি)। স্থানীয় তরুণদের দ্বারা গঠিত ওই বাহিনী মাওবাদীর বিরুদ্ধে অত্যন্ত কার্যকর বাহিনী। হামলাকারী মাওবাদীরা জওয়ানদের ১৫ টি অস্ত্র লুট করে নিয়ে গেছে যার মধ্যে একে-৪৭, ইনসাস, এলএমজি ও ইউবিজিএল রয়েছে।
ছত্তিসগড়ের সুকমার মিনপা জঙ্গলে শনিবার দুপুর আড়াইটা নাগাদ তল্লাশি অভিযান চলাকালীন মাওবাদীদের সঙ্গে পুলিশ, কোবরা এবং এসটিএফ-এর যৌথ বাহিনীর সংঘর্ষ হয়। যৌথ বাহিনীতে এসময় মোট ৬০০ জওয়ান ছিল। উভয়পক্ষের মধ্যে তীব্র গুলি বিনিময়ের পর ১৪ জন জওয়ান গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে অনেক জওয়ানের খোঁজ পাওয়া যাচ্ছিল না। আহত ১৪ জওয়ানকে গতকালই হেলিকপ্টারের সাহায্যে ঘটনাস্থল থেকে ৪০০ কিলোমিটার দূরে চিকিৎসার জন্য রায়পুরে নিয়ে আসা হয়।
নিখোঁজ জওয়ানদের উদ্দেশে রোববার সকালে ফের ওই এলাকায় তল্লাশি অভিযানে যায় পুলিশ। সেখান থেকেই নিখোঁজ ১৭ জন জওয়ানের লাশ উদ্ধার হয়। তাঁদের কাছে থাকা ১৫ টি স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্রের খোঁজ পাওয়া যায়নি।
ছত্তিসগড় পুলিশের ডিজিপি ডিএম অবস্থি বলেন, ‘কমপক্ষে ৩০০ মাওবাদী ছিল ওই দলে। সন্ধ্যা পর্যন্ত উভয়পক্ষের মধ্যে গুলি বিনিময় চলে। গুলিতে অনেক মাওবাদী আহত হলেও কারও লাশ উদ্ধার হয়নি।




