প্রতিবেশী ডেস্কঃ এবার ছবি বিতর্ক তৈরি হল বহিষ্কৃত সিপিএম সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে ঘিরে৷ মহাপঞ্চমীর সকাল থেকে এক মহিলার সঙ্গে তাঁর একটি ঘনিষ্ঠ ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়৷ ছবিতে দেখা গিয়েছে, ঘনিষ্ঠ অবস্থায় তাঁর গালে চুম্বন করছেন একজন মহিলা৷ আর ওই মহিলাও টুইট করেছেন ছবিটি৷
ছবির ক্যাপশনে লেখা, ‘‘ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের ‘রোম্যান্টিক সাইড’, যা মানুষ সাধরণত দেখতে পান না৷’’ ফলে মুহূর্তে এ নিয়ে গুঞ্জন শুরু হয়ে যায়৷ কে এই মহিলা, তা নিয়েও শুরু হয়ে যায় জল্পনা৷যদিও ওই মহিলার সঙ্গেও যোগাযোগ করা যায়নি৷ ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হয়েছিল ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও৷ কিন্তু তাঁর দু’টি নম্বরের একটি সুইচড অফ ও একটি নট রিচেবল ছিল৷ ফলে এ প্রসঙ্গে তাঁর কী বক্তব্য, তা-ও জানা যায়নি৷ তবে টুইটারে ওই মহিলা ঋতব্রতর সঙ্গে একটি ছবি দিয়ে ডিপি দিয়েছেন৷ সঙ্গে নিজের সম্পর্কে যে কথাগুলি লিখেছেন, তার মধ্যে রয়েছে ঋতব্রতর ‘বেটার হাফ’৷ ফলে তিনি কে? ঋতব্রতর স্ত্রী? নাকি খুব শিগগির তাঁরা বিয়ে করবেন, এ বিষয়ে কিছুই জানা সম্ভব হয়নি৷ তিনি যে সময় ঋতব্রতর সঙ্গে চুম্বনরত ছবিটি টুইট করেন৷
একই সঙ্গে আমাস্টারডামে দু’জনের খোশমেজাজে বেড়ানোর একটি ছবিও টুইট করেন৷ফলে এ নিয়ে দিনভর জল্পনা চলেছে নেটিজেন থেকে শুরু করে রাজনৈতিক মহলে৷ সম্প্রতি সিপিএমের প্রাক্তন এই তরুণ-তুর্কিকে দল থেকে তাড়ানো নিয়ে কম জলঘোলা হয়নি৷ তাঁর ব্যক্তিগত জীবনযাপন নিয়ে প্রশ্ন উঠেছিল৷ সর্বহারার দলে কেন তিনি বিলাসবহুল জীবনযাপন করেন, সেই প্রশ্নের মুখোমুখি হতে হয়েছিল ঋতব্রতকে৷
এ নিয়ে তদন্ত কমিশনও বসায় সিপিএম৷ ৯০ দিন সাসপেন্ড করে রাখার পর তাঁকে বহিষ্কার করে আলিমুদ্দিন৷ দল থেকে তাড়ানোর পর রাজ্যসভার এই সাংসদের বিরুদ্ধে ‘নৈতিক অধঃপতন’-এর অভিযোগ নিয়েও প্রচুর চর্চা হয়৷ তবে সবকিছুকে ছাপিয়ে গিয়েছে এদিনের ছবিটি৷





