চিকিৎসক স্যার কৈলাসচন্দ্র বসুর জন্মদিন

চিকিৎসক স্যার কৈলাসচন্দ্র বসুর জন্মদিন

ভারত উপমহাদেশে চিকিৎসাশাস্ত্রে সবচেয়ে সম্মানিত ও প্রথম স্যার উপাধিপ্রাপ্ত চিকিৎসক স্যার কৈলাসচন্দ্র বসুর জন্মদিন আজ। তিনি ভারতের চিকিৎসাশাস্ত্রে পরম হিতকারী খ্যাতনামা ব্যক্তিত্ব।

স্যার কৈলাসচন্দ্র বসু ১৮৫০ সালের ২৬ ডিসেম্বর কলকাতার সিমলার বসু পরিবারের জন্মগ্রহণ করেন। বাবু মধুসূদন বসুর দ্বিতীয় সন্তান ছিলেন তিনি। ওরিয়েন্টাল সেমিনারিতে পড়াশোনা শেষ করে ১৮৭৪ খ্রিস্টাব্দে কলকাতা মেডিক্যাল কলেজ হতে ডাক্তারি পাশ করে ক্যাম্পবেল হাসপাতালে রেসিডেন্ট মেডিক্যাল অফিসার হন।

কিন্তু ভাইয়ের পরামর্শে সরকারি চাকরি পরিত্যাগ করে প্রাইভেট প্র্যাকটিশ শুরু করেন এবং এমন সুনাম অর্জন করেন যে, বাংলায় অগ্রণী চিকিৎসক হিসাবে বিশেষ করে অবস্থাপন্ন মাড়োয়ারি সম্প্রদায়ের মাঝে অল্প দিনেই স্থান করে নেন। চিকিৎসাক্ষেত্রে নিজের চেষ্টায় প্রভূত উন্নতি সাধনও করেছেন। বহু জনহিতকর কাজে এগিয়ে এসে নিজ উপার্জিত অর্থ ব্যয় করেন। প্রধানত তারই প্রচেষ্টায় বাংলায় পশুচিকিৎসা কলেজ ও হাসপাতাল এবং ট্রপিক্যাল মেডিসিন স্কুলের জন্য অর্থ সংগৃহীত হয়েছিল। এছাড়া কলকাতা মেডিক্যাল স্কুল, সোদপুর, পিঞ্জরাপোল, কুষ্ঠনিবাস প্রভৃতির তিনি অন্যতম প্রতিষ্ঠাতা। কলকাতা মেডিক্যাল সোস্যাইটি, ভারতীয় মেডিক্যাল কংগ্রেসের সহ-সভাপতি, কলকাতা মিউনিসিপ্যালিটির কমিশনার এবং অবৈতনিক প্রেসিডেন্সী ম্যাজিস্ট্রেট ছিলেন।

অবিভক্ত বাংলায় চিকিৎসাক্ষেত্রে তার অসামান্য কাজের স্বীকৃতিতে বহু সম্মানে সম্মানিত হয়েছেন কৈলাসচন্দ্র বসু।

  • ১৮৯৫ খ্রিস্টাব্দে তিনি রায়বাহাদুর খেতাব পান।
  • ১৯০০ খ্রিস্টাব্দে সি.আই.ই সম্মানে ভূষিত হন।
  • ১৯০৪ খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয়েরফেলো হন।
  • ১৯১০ খ্রিস্টাব্দে জনসেবার স্বীকৃতি স্বরূপ ‘কাইজার-ই-হিন্দ’ স্বর্ণপদক লাভ করেন।
  • ১৯১৬ খ্রিস্টাব্দে ভারতীয় ডাক্তারদের মধ্যে তিনিই প্রথম ‘স্যার’ উপাধি দ্বারা সম্মানিত হন।

স্যার কৈলাশচন্দ্র বসু ১৯২৭ খ্রিস্টাব্দের ১৯ শে জানুয়ারি মৃত্যুবরণ করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
সংবাদ প্রতিনিধি

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।