মাদারীপুর প্রতিনিধি ॥ মাদারীপুরের কালকিনি উপজেলার ডাসার থানার নবগ্রাম উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী নিতু মন্ডল (১৪) হত্যার চার মাস দশ দিন পর রবিবার মাদারীপুর আদালতে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ।
স্থানীয়, পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, কালকিনি উপজেলার ডাসার থানার নবগ্রাম ইউনিয়নের আইসার কান্দি গ্রামের নির্মল মন্ডলের মেয়ে নবগ্রাম উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী নিতু মন্ডল গত বছরের ১৮ সেপ্টেম্বর স্কুলে যাবার পথে একই গ্রামের প্রতিবেশি বিরেন মন্ডলের ছেলে মিলন মন্ডল কুপিয়ে হত্যা করে। এই ঘটনায় গ্রামবাসী ঐদিনই বখাটেকে আটক করে পুলিশে দেয়। এই ঘটনায় মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ করে খুনি মিলন মন্ডলের ফাসির দাবী তোলেন বিদ্যালয়ের সহপাঠি, পরিবারসহ গ্রামবাসী।
এই ঘটনার ৪ মাস ১০ দিন পর বৃহস্পতিবার অভিযোগপত্র দাখিল করেছে ডাসার থানা পুলিশ।
এ ব্যাপারে নিহত স্কুল ছাত্রীর বাবা নির্মল মন্ডল বলেন, মিলন মন্ডল ছিলো আমাদের প্রতিবেশি। সে আমার ছোট ছেলে দীপ্ত মন্ডলকে পড়াতো। সে দীর্ঘদিন ধরে আমার মেয়েকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলো। কিন্তু সে এভাবে আমার মেয়েকে মেরে ফেলবে তা বুঝতে পারিনি।
এসময় তিনি আরো জানায়, এই ঘটনায় ঐ দিনই আমি বাদী হয়ে ডাসার থানায় মিলন মন্ডলকে আসামী করে হত্যা মামলা করেছি। সেই মামলার তদন্তকারী কর্মকর্তা মো. বায়েজিদ মৃধা রবিবার দুপুরে মাদারীপুর মুখ্য বিচারিক হাকিম আদালতে অভিযোগপত্র দাখিল করেছেন।
ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. এমদাদুল হক বলেন, নিতু মন্ডল হত্যার ব্যাপারে অভিযোগপত্র দাখিল করা হয়েছে।