দক্ষিণ কোরিয়ার বাজারে বাংলাদেশের চামড়া, চামড়াজাত পণ্য ও ফুটওয়্যার রপ্তানি বৃদ্ধি এবং দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক সুদৃঢ় করার লক্ষ্যে ২৪ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে সিউলের একটি হোটেলে ‘Bangladesh: Your New High-Value Partner for Quality Leather Goods & Footwear’ শীর্ষক একটি গুরুত্বপূর্ণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
দক্ষিণ কোরিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে Leather goods and Footwear Manufacturers & Exporters Association of Bangladesh (LFMEAB)-এর প্রেসিডেন্ট সৈয়দ নাসিম মঞ্জুরের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের ব্যবসায়িক প্রতিনিধিদল অংশগ্রহণ করেন। সেমিনারে কোরিয়ার শীর্ষস্থানীয় ৩০টি আমদানিকারক ও ম্যানুফ্যাকচারিং প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন।
সেমিনারের উদ্বোধনী পর্বে স্বাগত বক্তব্য রাখেন দক্ষিণ কোরিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তৌফিক ইসলাম শাতিল। তিনি উল্লেখ করেন যে, বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে দীর্ঘদিনের সুসম্পর্ক বিরাজ করছে, তবে দু’দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য বৃদ্ধির আরো সুযোগ রয়েছে। চামড়াজাত পণ্য ও ফুটওয়ার বাংলাদেশের অন্যতম প্রধান রপ্তানি খাত বিধায় এ সেমিনার কোরিয়াতে বাংলাদেশি পণ্য প্রবেশে বিশেষ ভূমিকা রাখবে মর্মে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি আরো উল্লেখ করেন যে, সম্প্রতি জাতীয় নির্বাচনের মাধ্যমে নতুন সরকার গঠিত হওয়ায় দেশে স্থিতিশীলতা ফিরে এসেছে, যার ফলে বাংলাদেশে ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ ও বিভিন্ন সেক্টরে বৈদেশিক বিনিয়োগের জন্য একটি চমৎকার পরিবেশ বিরাজ করছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন Korea Importers Association (KOIMA)- এর এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান Amb. KWON Ki-chang। তিনি উল্লেখ করেন যে, কোরিয়ার তরুণ ফ্যাশান সচেতন প্রজন্মের মাঝে উন্নতমানের চামড়াজাত পণ্য ও ফুটওয়্যারের ব্যাপক চাহিদা রয়েছে যা বাংলাদেশে উৎপাদিত উন্নতমানের পণ্য দ্বারা পুরণ করা সম্ভব। এছা্ড়াও Youngone Corporation-এর প্রেসিডেন্ট Minsuhk Lee বাংলাদেশে তাদের প্রতিষ্ঠান ও কোরিয়ান ইপিজেডের ব্যবসায়িক সাফল্যের ওপর একটি উপস্থাপনা প্রদানসহ অভিজ্ঞতা বিনিময় করেন।
সেমিনারের টেকনিক্যাল সেশনে LFMEAB- এর প্রেসিডেন্ট সৈয়দ নাসিম মঞ্জুর বাংলাদেশের চামড়া শিল্পের সক্ষমতা, কোয়ালিটি এ্যাসুরেন্স ও কমপ্লায়েন্স, উদ্ভাবনী দিকসহ এ খাতে বৈদেশিক বিনিয়োগের সফলতা, রপ্তানি চিত্র, ডেমোগ্রাফিক ডিভিডেন্ট, ভৌগলিক অবস্থানগত কারণে ব্যবসায়িক সফলতার বিষয়সমূহ তুলে ধরে কি-নোট পেপার উপস্থাপন করেন। দূতাবাসের কমার্শিয়াল কাউন্সেলর মোঃ নাজমুল হক বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার দ্বিপাক্ষিক বাণিজ্য চিত্র, এলডিসি গ্র্যাজুয়েশন, Comprehensive Economic Partnership Agreement (CEPA) এবং চামড়া শিল্পে সরকারি প্রণোদনাসহ সংশ্লিষ্ট বিষয়ে একটি প্রেজেন্টেশন প্রদান করেন। ফাইভ-আর ফুটওয়্যার লিমিটেডের ডিরেক্টর রিয়ান নাসির খান গাজীপুরে অবস্থিত ‘বাংলাদেশ সু-সিটি’-তে বিনিয়োগের সহজ সুযোগ নিয়ে আলোচনা করেন।
এছাড়াও বাংলাদেশ প্রতিনিধি দলের ৪টি কোম্পানি সিকার্ড বাংলাদেশ লিঃ, বিএলজে বাংলাদেশ কর্পোরেশন লিঃ, ক্রাফ্টসম্যান ফুটওয়্যার এন্ড এ্যাকসেসোরিস লিঃ ও ফরচুন সুজ লিঃ তাদের উৎপাদন সক্ষমতা, পণ্যের বৈচিত্রতা ও রপ্তানির চিত্র তুলে ধরেন। অনুষ্ঠান শেষে একটি প্রাণবন্ত প্রশ্নোত্তর পর্ব এবং বিটুবি (B2B) ম্যাচমেকিং সেশন অনুষ্ঠিত হয়, যেখানে কোরিয়ান ব্যবসায়ীরা বাংলাদেশের এ খাতের অগ্রযাত্রায় আগ্রহ প্রকাশ করেন এবং আগামীতে একসাথে কাজের প্রত্যয় ব্যক্ত করেন।
উল্লেখ্য যে, LFMEAB এর ৭ সদস্যের এ প্রতিনিধি দলটি ২৩-২৫ ফেব্রুয়ারি দক্ষিণ কোরিয়া সফর করেছেন। এ সফরের মাধ্যমে দুই দেশের ব্যবসায়িক সম্পর্কে নতুন গতির সঞ্চার হবে বলে আশা করা যাচ্ছে।