রাজিব শর্মা,(চট্টগ্রাম ব্যুরো): মেডিকেল সার্টিফিকেট বাণিজ্যের সময় চট্টগ্রাম মেডিকেল কলজে (চমেক) হাসপাতালের উচ্চমান সহকারী ্ মৃণাল কান্তি (৪০) কে ঘুষের টাকাসহ গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার বিকেল চারটার দিকে চমেক হাসপাতালের র্পূব গেইটের বিপরীতে ক্যানি নামক একটি রেস্টুরেন্ট থেকে হাতে নাতে তাকে গ্রেফতার করা হয়।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক জহিরুল ইসলাম ভূঁইয়া পরিবর্তন ডটকমকে এই বিষয়টি নিশ্চিত করেছেন।
দুদক সূত্রে জানা গেছে, জনৈক মো. মোজাম্মেল হক দুদক চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ে অভিযোগ করেন যে— তার আপন ছোট ভাইয়ের জখমি মেডিকেল সার্টিফিকেট দেওয়ার নামে মিলন কান্তি ২৫ হাজার টাকা ঘুষ দাবি করেছেন। ইতোপূর্বে মোজাম্মেল দাবিকৃত ঘুষের ২৫ হাজার টাকার মধ্যে ১০ হাজার টাকা পরিশোধ করেছেন।
বিষয়টি দুর্নীতি দমন কমিশনকে অবহিত করা হলে, কমিশন সকল আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে ফাঁদ মামলা পরিচালনার মাধ্যমে অভিযোগ সংশ্লিষ্টকে আইন-আমলে আনার অনুমতি প্রদান করে।
ওই ফাঁদ মামলা পরিচালনার জন্য চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের পরিচালক মো. আক্তার হোসেনের তত্বাবধানে ও দুদক সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-১ এর উপ-পরিচালক মোহাম্মদ লুৎফুল কবির চন্দনকে প্রধান করে ৮ সদস্যের একটি বিশেষ টিম গঠন করা হয়।
পরে রোববার দুপুর থেকে দুদক বিশেষ টিমের সদস্যরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের চারিদিকে ওৎ পেতে থাকে। বেলা ৩টা ৫০ মিনিটের দিকে অভিযুক্ত মৃণাল কান্তি মো. মোজাম্মেল হকের নিকট থেকে দাবিকৃত ঘুষের অবশিষ্ট ১৫ হাজার টাকা নেয়ার সময় দুদক বিশেষ টিমের সদস্যদের হাতে গ্রেফতার হয়।
এ বিষয়ে দুদকের চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-১ এর সহকারী পরিচালক জাফর আহমেদ বাদী হয়ে সিএমপির পাঁলাইশ থানায় একটি মামলা দায়ের করেছেন।


